ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত, এরপর কে?
ওটিএন বাংলা রিপোর্ট : বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।…
বাংলাদেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তিতে’ যুক্ত হলে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পাল্টা একটি অক্ষশক্তি গড়ে ওঠার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তাঁর মতে, এমন পরিস্থিতি তৈরি হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পরিবেশ বিঘ্নিত হতে পারে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর এফডিসিতে আয়োজিত এক ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মুসলিম বিশ্বের সংকট নিরসনে মক্কা চুক্তি’ শীর্ষক এই বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
এম হুমায়ুন কবির বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের এই প্রতিরক্ষা চুক্তি মূলত দেশগুলোর নিজস্ব নিরাপত্তার স্বার্থে করা হয়েছে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য যে ধরনের কাঠামো প্রয়োজন, মক্কা চুক্তিতে তা রয়েছে বলে তাঁর মনে হয় না। তাই বাংলাদেশ ভবিষ্যতে এই চুক্তিতে যুক্ত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না।
তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত আবেগের বশে না নিয়ে গভীর চিন্তাভাবনা ও জাতীয় স্বার্থ বিবেচনা করে নিতে হবে। বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশের সৈন্য পাঠানোর বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। প্রয়োজনে মক্কা চুক্তিতে যুক্ত না হয়েও সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবের চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের শ্রমবাজার ও প্রবাসী আয় ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করেন। ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে তাঁদের কর্মসংস্থান ও দেশে পাঠানো অর্থের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে জটিল উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাঁর মতে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীগুলোর ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা এবং পারস্পরিক সম্মান নিশ্চিত করার মাধ্যমে এই সংঘাত নিরসনের পথ তৈরি হতে পারে।
তিনি মনে করেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি কেবল সামরিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক, প্রবাসী কর্মীদের স্বার্থ এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতিও গভীরভাবে জড়িত। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য সব ধরনের প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au