বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ২ লাখ ১২ হাজার কোটি টাকার নতুন প্রকল্পের ৪২ শতাংশই চট্টগ্রামে

  • 4:08 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ১৮ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০টি সভা হয়েছে। সভাগুলোয় অনুমোদন পেয়েছে ১৫৩টি নতুন প্রকল্প।

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৮ মাসে অনুমোদিত নতুন উন্নয়ন প্রকল্পের বড় অংশই গেছে চট্টগ্রাম বিভাগে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নথি অনুযায়ী, এই সময়ে অনুমোদিত ১৫৩টি নতুন প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ১২ হাজার ৫৮৭ কোটি টাকা। এর মধ্যে ৮৯ হাজার ২৯৭ কোটি টাকা, অর্থাৎ মোট বরাদ্দের প্রায় ৪২ শতাংশই পেয়েছে চট্টগ্রাম বিভাগ।

পরিকল্পনা কমিশনের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর একনেকের ২০টি সভায় সংশোধিতসহ মোট ২৫১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ লাখ ৭৮ হাজার ২৫৫ কোটি টাকা। এর মধ্যে ৯৮টি প্রকল্প ছিল আগের আওয়ামী লীগ সরকারের সময় গৃহীত, যেগুলোর মেয়াদ বৃদ্ধি ও পুনর্মূল্যায়নের ফলে ব্যয় বেড়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার ৫২৭ কোটি টাকা। বাকি ১৫৩টি প্রকল্প নতুন করে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে অনুমোদিত হয়েছে।

এই নতুন প্রকল্পগুলোর অঞ্চলভিত্তিক বরাদ্দে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। চট্টগ্রামের পর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিভাগ। ঢাকার জন্য বরাদ্দ হয়েছে ১৯ হাজার ৭১৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৯ দশমিক ২৭ শতাংশ। এরপর রয়েছে খুলনা বিভাগ, যেখানে বরাদ্দ ১৩ হাজার ১২৮ কোটি টাকা বা ৬ দশমিক ১৭ শতাংশ। সিলেট বিভাগ পেয়েছে ৫ হাজার ৩৫৪ কোটি টাকা বা ২ দশমিক ৫১ শতাংশ।

অন্যদিকে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা বিভাগগুলোতে বরাদ্দ খুবই কম। রংপুর বিভাগ পেয়েছে ৫ হাজার ১৯০ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র ২ দশমিক ৪৪ শতাংশ। রাজশাহী বিভাগের ভাগে গেছে ২ হাজার ৯৩৭ কোটি টাকা বা ১ দশমিক ৩৮ শতাংশ। বরিশাল বিভাগ পেয়েছে ১ হাজার ৮৩৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের শূন্য দশমিক ৮৬ শতাংশ। সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে ময়মনসিংহ বিভাগ। এই বিভাগের জন্য অনুমোদিত প্রকল্পের ব্যয় মাত্র ৩৭৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের শূন্য দশমিক ১৭ শতাংশ।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ১৮ মাসে চট্টগ্রাম বিভাগকে কেন্দ্র করে প্রায় ৪০টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ২৯টি সম্পূর্ণ নতুন প্রকল্প। নতুন প্রকল্পগুলোর ১১টি বাস্তবায়ন হবে কেবল চট্টগ্রাম নগরীকে ঘিরে। এসব প্রকল্পে নিজস্ব অর্থায়নের পাশাপাশি বৈদেশিক ঋণও ব্যবহার করা হচ্ছে।

চট্টগ্রামে অনুমোদিত বড় প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হলো ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প, যা ‘ইআরএল-২’ নামে পরিচিত। পতেঙ্গায় বাস্তবায়নাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার ৪৬৫ কোটি টাকা। বিদেশি ঋণ না পাওয়ায় পুরো প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম নগরীর পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ৫ হাজার ১৫২ কোটি টাকার প্রকল্প, কালুরঘাটে পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে ২ হাজার ১৫৪ কোটি টাকা এবং চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পে প্রায় ৩ হাজার ৯২১ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

চট্টগ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা বাড়াতেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। ৩৬টি পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণসহ দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫২৬ কোটি টাকা।

এদিকে উন্নয়ন বরাদ্দে এই বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের হওয়ায় বরাদ্দে আঞ্চলিক প্রভাব পড়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পরিকল্পনা কমিশনের সাবেক সচিব মো. মামুন আল রশিদ বলেন, সংবিধানের ১৯ অনুচ্ছেদে সুষম বণ্টন ও সমান সুযোগের কথা বলা হয়েছে। একটি অঞ্চলে অতিরিক্ত বরাদ্দ দিলে তা বৈষম্য তৈরি করে এবং দীর্ঘমেয়াদে ক্ষোভ বাড়ায়।

তবে এসব অভিযোগ নাকচ করেছে পরিকল্পনা কমিশন। কমিশনের সচিব এস এম শাকিল আখতার বলেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া সব প্রকল্পই জাতীয় স্বার্থ বিবেচনায় গৃহীত। তাঁর মতে, চট্টগ্রাম দেশের বাণিজ্য ও অর্থনীতির প্রধান কেন্দ্র হওয়ায় এই অঞ্চলে বেশি বিনিয়োগ স্বাভাবিক। চট্টগ্রাম বন্দর, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলকে ঘিরে নেওয়া প্রকল্পগুলো দেশের সামগ্রিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে দাবি করেন তিনি।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনও বলেন, সব অঞ্চলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি হলেও চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্বের কারণে সেখানে কিছু অতিরিক্ত বরাদ্দ যৌক্তিক হতে পারে।

তবু সামগ্রিকভাবে উন্নয়ন প্রকল্পে অঞ্চলভিত্তিক এই বড় ব্যবধান ভবিষ্যতে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au