বিজ্ঞান ও প্রযুক্তি

রংধনু শুধু রঙিন নয়, কখনো সাদা রঙেও দেখা যায়

  • 1:56 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ফগ বো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ এপ্রিল- আকাশে রংধনু মানেই আমরা সাধারণত সাত রঙের এক বর্ণিল দৃশ্য কল্পনা করি। কিন্তু প্রকৃতির আরও এক বিস্ময় আছে, যেখানে রংধনু দেখা যায় একেবারে সাদা রঙে। এই বিরল প্রাকৃতিক ঘটনার নাম ফগ বো (Fog Bow), যা সাধারণত ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশে তৈরি হয়।

বিজ্ঞানীদের মতে, ফগ বো মূলত রংধনুরই একটি বিশেষ রূপ, তবে এটি অনেক বেশি বিরল। ন্যাশনাল জিওগ্রাফির তথ্য অনুযায়ী, ইতিহাসে প্রথম ফগ বো দেখা গিয়েছিল দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে। ১৭৩৭ থেকে ১৭৩৯ সালের মধ্যে স্প্যানিশ বিজ্ঞানী ও অভিযাত্রী অ্যান্টোনিও দে উল্লোয়া আকাশে এমন তিনটি আলোক বলয় দেখেছিলেন, যা রংধনুর মতো মনে হলেও এর মধ্যে একটি ছিল সাদা রঙের বাঁক। সেটিকেই পরে ‘চতুর্থ আর্ক’ বলা হয়, যা আজকের ফগ বো হিসেবে পরিচিত।

আবহাওয়াবিদদের ব্যাখ্যায়, সাধারণ রংধনু তৈরি হয় যখন সূর্যের আলো বড় পানির ফোঁটার ভেতর দিয়ে প্রতিসরিত হয়ে আবার প্রতিফলিত হয়। এই প্রক্রিয়ায় আলো বিভিন্ন কোণে ভেঙে গিয়ে সাতটি আলাদা রঙ তৈরি করে—লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, আকাশি ও বেগুনি। এই কারণেই আমরা রঙিন রংধনু দেখি।

কিন্তু ফগ বো তৈরি হয় একেবারেই ভিন্ন পরিস্থিতিতে। এতে বড় পানির ফোঁটার পরিবর্তে খুব ছোট কুয়াশার কণা কাজ করে। এসব কণার আকার এতটাই ক্ষুদ্র যে সূর্যের আলো শুধু প্রতিসরিতই হয় না, বরং চারদিকে ছড়িয়ে যায়। এই আলোর ছড়িয়ে পড়াকে বলা হয় বিচ্ছুরণ। প্রতিসরণ ও বিচ্ছুরণ একসঙ্গে কাজ করায় সব রং মিশে গিয়ে এক ধরনের সাদা আভা তৈরি হয়। এই কারণেই ফগ বোকে সাদা রংধনু বলা হয়।

নর্থ ডাকোটার আবহাওয়াবিদ কেনি মিলার বলেন, রংধনু এবং ফগ বো তৈরির প্রক্রিয়া একই হলেও পার্থক্য তৈরি হয় পানির ফোঁটার আকারে। সাধারণ রংধনুতে বড় ও প্রায় গোলাকার ফোঁটা লাগে, কিন্তু ফগ বো তৈরি হয় অত্যন্ত ছোট ফোঁটা দিয়ে, যা কুয়াশায় থাকে।

নিউ হ্যাম্পশায়ারের আবহাওয়াবিদ বেইলি নরডিন ব্যাখ্যা করেন, সাধারণ রংধনুতে আলো পানির ফোঁটার ভেতর দিয়ে প্রবেশ করে ভেতরে প্রতিফলিত হয়ে আবার বেরিয়ে আসে, যার ফলে আলাদা আলাদা রং দেখা যায়। কিন্তু ফগ বোতে ফোঁটা এত ছোট হওয়ায় আলো অনেক বেশি ছড়িয়ে পড়ে, ফলে রংগুলো আলাদা না হয়ে একসঙ্গে মিশে সাদা আভা তৈরি করে।

ফগ বো তৈরি হওয়ার জন্য মূল শর্ত হলো কুয়াশা। বিশেষ করে তাপমাত্রা দ্রুত পরিবর্তন হলে, যেমন বসন্তে বরফ গলা শুরু হলে, কুয়াশা বেশি তৈরি হয়। তখন সূর্যের আলো কুয়াশার ওপর পড়লে এই সাদা রংধনু দেখা যেতে পারে।

গবেষকরা ফগ বোকে অনেকটা শীতের দিনে নিঃশ্বাসের সঙ্গে তুলনা করেন। যখন আমরা ঠান্ডা বাতাসে শ্বাস ছাড়ি, তখন গরম বাতাস ছোট কুয়াশার মতো হয়ে দৃশ্যমান হয়, ঠিক একইভাবে সূর্যের আলোও ক্ষুদ্র জলকণার সঙ্গে মিশে ফগ বো তৈরি করে।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, সাধারণ রংধনু তৈরি হতে পানির ফোঁটার আকার প্রায় ২ মিলিমিটার হতে হয়, যেখানে ফগ বো তৈরি হয় প্রায় ০.০৫ মিলিমিটার আকারের কুয়াশা কণা দিয়ে। এই পার্থক্যই নির্ধারণ করে আমরা রঙিন রংধনু দেখব নাকি সাদা ফগ বো।

ফগ বো সবসময় একেবারে সাদা হয় না। কখনও কখনও এতে হালকা লাল বা বেগুনি আভা দেখা যায়, যখন প্রতিসরণ বিচ্ছুরণের চেয়ে বেশি প্রভাব ফেলে। ফলে কিছু রং আংশিকভাবে আলাদা হয়ে ধরা দেয়।

বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ফগ বো, ডাবল রংধনু এবং টুইন রংধনুর মতো নানা আলোকীয় ঘটনা নিয়ে গবেষণা করেন। এতে তারা সূর্যালোক ও পানির ফোঁটার মিথস্ক্রিয়া আরও ভালোভাবে বুঝতে পারেন।

ফগ বো দেখা খুব সহজ নয়। এটি দেখতে হলে অবশ্যই কুয়াশা থাকতে হবে এবং একই সঙ্গে সূর্য বা চাঁদ দর্শকের পেছনে থাকতে হবে, যাতে আলো কুয়াশার ওপর পড়ে। খুব বেশি ঘন কুয়াশা হলে আবার কিছুই দেখা যায় না।

বিশেষজ্ঞদের মতে, ফগ বো পৃথিবীতে তুলনামূলকভাবে বিরল একটি প্রাকৃতিক দৃশ্য। তবে পাহাড়ি এলাকা, সমুদ্র উপকূল বা আর্কটিক অঞ্চলে কুয়াশা বেশি থাকায় সেখানে এটি তুলনামূলকভাবে বেশি দেখা যায়।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au