বাংলাদেশ

আবারও বদলাতে পারে পুলিশের পোশাক

  • 2:36 pm - April 21, 2026
  • পঠিত হয়েছে:২১৮ বার
আবারও বদলাতে পারে পুলিশের পোশাক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ এপ্রিল- পুলিশের পোশাক আবারও পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় চালু হওয়া নতুন ইউনিফর্ম নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে অসন্তোষ এবং নানা আলোচনার পর এবার সেই পোশাক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। ইতোমধ্যে রং নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সকল ইউনিটের মতামত নিয়ে নতুনভাবে ইউনিফর্মের রং নির্ধারণ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্টের রং হবে হালকা অলিভ টিসি (সাধারণ ফ্যাব্রিক) এবং অন্যান্য ইউনিট যেমন এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‌্যাব বাদে বাকি সব পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল টিসি (সাধারণ ফ্যাব্রিক)। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং রাখা হয়েছে টিসি টুইল খাকি।

এই প্রস্তাব কার্যকর করতে “পুলিশ ড্রেস রুলস, ২০২৫” সংশোধনের প্রয়োজন পড়বে। সেই বিধি সংশোধনের অনুমোদন চেয়ে গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের লজিস্টিক শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশের বর্তমান ইউনিফর্মের রং পরিবর্তন করে নতুনভাবে শার্টে আয়রন রঙ এবং প্যান্টে কফি শেড নির্ধারণ করা হয়েছিল। তবে এই পরিবর্তনের পর মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একই সঙ্গে বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা এবং অসন্তোষ দেখা দেয়।

পুলিশের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে দেখা গেছে, নতুন পোশাক নিয়ে অনেক সদস্য অস্বস্তি প্রকাশ করেছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনাও করেন। এর ফলে বাহিনীর শৃঙ্খলা ও মনোবলে প্রভাব পড়ছে বলে মত দেন কর্মকর্তারা।

পরিস্থিতি বিবেচনায় পরে বিভিন্ন নমুনা ও রঙ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যালোচনা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে শেষ পর্যন্ত নতুন করে দুটি ভিন্ন রঙের প্রস্তাব চূড়ান্ত করা হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, এই পরিবর্তনের জন্য সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। কারণ পুলিশের পোশাক সাধারণত প্রাপ্যতার ভিত্তিতে সরবরাহ করা হয়। ফলে নতুন রং নির্ধারণ করলেও অতিরিক্ত বাজেট প্রয়োজন হবে না বলে দাবি করা হয়েছে।

পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর বেশ কিছু ধারা সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রুল ৪, রুল ৭ এবং সংশ্লিষ্ট উপধারাগুলো।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিক বিভাগের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাঠ পর্যায়ের মতামত ও আলোচনা বিবেচনায় নিয়েই নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভর করছে।

একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা জানিয়েছেন, তারা চান দ্রুত এই পরিবর্তন কার্যকর হোক। এমনকি পুলিশ সপ্তাহের আগেই নতুন পোশাক চূড়ান্ত করার পরিকল্পনা ছিল। তবে তা নির্ভর করছে বিধি সংশোধনের অনুমোদনের ওপর।

এদিকে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে বাহিনীর ভেতরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। গত জাতীয় নির্বাচনের পর বিষয়টি আবারও সামনে আসে। অনেক পুলিশ সদস্য পুরোনো পোশাকে ফিরে যাওয়ার দাবি জানান। কেউ কেউ বর্তমান পোশাকের রং ও নকশা নিয়ে প্রশ্ন তোলেন।

২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, বাহিনীর অধিকাংশ সদস্য হঠাৎ করে পোশাক পরিবর্তনের পক্ষে নন। তারা মনে করেন, পুরোনো খাকি পোশাকই পুলিশের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন পোশাক নির্ধারণের ক্ষেত্রে পুলিশ সদস্যদের মতামত, আবহাওয়া এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করা হয়নি। এতে অন্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য তৈরি হয়েছে, ফলে পুলিশের পরিচয় আলাদা করা কঠিন হয়ে পড়ছে।

অ্যাসোসিয়েশনের মতে, বারবার পোশাক পরিবর্তন একটি ব্যয়বহুল প্রক্রিয়া। এই অর্থ নতুন পোশাকে ব্যয় না করে বরং আধুনিকায়ন, যানবাহন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিতে ব্যবহার করা উচিত।

অন্যদিকে ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশের মনোবল পুনর্গঠনের অংশ হিসেবে নতুন পোশাক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর পুলিশ, র‌্যাব ও আনসারের জন্য আলাদা আলাদা নতুন ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছিল। নভেম্বর থেকে মাঠ পর্যায়ে পুলিশ নতুন পোশাক পরা শুরু করে।

সরকারি তথ্য অনুযায়ী, পুলিশ সদস্যদের বছরে পাঁচ সেট পোশাক সরবরাহ করা হয়। প্রায় দুই দশক পর পোশাকে বড় পরিবর্তন আনা হয়েছিল, তবে মাত্র এক বছরের ব্যবধানে আবারও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলো।

এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি নতুন প্রস্তাব অনুমোদন দেয়, তাহলে পুলিশের ইউনিফর্ম আবারও পরিবর্তিত হবে। এতে বাহিনীর ইতিহাসে অল্প সময়ের ব্যবধানে একাধিকবার পোশাক পরিবর্তনের নজির তৈরি হবে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au