নিজ এলাকার জন্য রাজস্ব তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৩১ মে- কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজ নিজ এলাকার জন্য মোট ২৫ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
মোস্তাক মিয়া বলেন, কুমিল্লা জেলা পরিষদের নিজস্ব রাজস্ব খাতের অর্থ থেকে মুরাদনগর উপজেলার জন্য ১৫ কোটি টাকা নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দেবিদ্বার উপজেলার জন্য ১০ কোটি টাকা নিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, এ অর্থ জেলা পরিষদের নিজস্ব তহবিলের অংশ ছিল।
বক্তব্যে তিনি বলেন, “যারা সমন্বয়ের রাজনীতির কথা বলতেন, তাদের কর্মকাণ্ডের মধ্যেই সমন্বয়ের অভাব ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের চরিত্র এমনই ছিল। জেলা পরিষদের অর্থ নির্দিষ্ট কিছু এলাকায় নেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন রয়েছে।”
মোস্তাক মিয়া আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়মের অভিযোগে ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউসুফ মোল্লা টিপু। এছাড়া কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তবে অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বা হাসনাত আবদুল্লাহর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।