বাংলাদেশ

ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক, ছয় দিনে ঝরল ৩৭ প্রাণ

  • 9:25 pm - June 01, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
ঈদযাত্রায় সড়কে গাড়ির দীর্ঘ চাপ। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১ জুন-  পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের ভিড়ে দেশের সড়ক-মহাসড়ক যখন যানবাহনে ঠাসা, তখনই একের পর এক দুর্ঘটনায় রক্তাক্ত হয়ে উঠেছে দেশের যোগাযোগ ব্যবস্থা। গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত মাত্র ছয় দিনে দেশের বিভিন্ন জেলা ও মহাসড়কে সংঘটিত সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত এবং ৯০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, শিক্ষার্থী, নারী, বৃদ্ধ, শ্রমজীবী মানুষসহ একই পরিবারের একাধিক সদস্যও রয়েছেন।

সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি ঘটে গোপালগঞ্জে। ঈদের দিন ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন পিরোজপুরের সোহাগ, তার স্ত্রী খাদিজা খাতুন এবং তাদের ছয় বছরের ছেলে আরমান। এ দুর্ঘটনায় আরও ১১ জন আহত হন।

নেত্রকোনায় পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারান পাঁচজন। সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন নারী নিহত হন। অন্যদিকে কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান দুই যুবক নীরব ও সোহান।

ফরিদপুরের মধুখালীতে ঈদের দিন পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই বন্ধু রাজন শেখ ও ইব্রাহিম ফকির নিহত হন। একই জেলায় পৃথক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়।

ময়মনসিংহে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হন জাহাঙ্গীর আলম ও তার আড়াই বছরের শিশু ছেলে রুহান। ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয় পরিবারটির জন্য।

নরসিংদীর শিবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হন। পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান দুই চাচাতো ভাই তামিম হাওলাদার ও ফয়সাল।

চট্টগ্রামের রাউজানে ঘুরতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন দুই কিশোর সীমান্ত দাশ ও জয় মল্লিক। সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ হারান কলেজছাত্র জাবির খালেদ ও তার বন্ধু আহনাদ তহমিদ রিয়াদ। নাটোরের সিংড়া, নড়াইলের লোহাগড়া, জামালপুর, চাঁদপুর, গাইবান্ধা, পাবনা, টাঙ্গাইল, কক্সবাজার, কুষ্টিয়া ও কিশোরগঞ্জেও পৃথক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী জোহা নিহত হন। কিশোরগঞ্জে বাসচাপায় প্রাণ হারায় প্রথম শ্রেণির ছাত্রী ছয় বছরের মরিয়ম আক্তার। গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হন এক নারী যাত্রী। কুষ্টিয়ায় সেনাবাহিনীর বাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩৫ থেকে ৪০ জন আহত হন।

এদিকে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। বিভিন্ন জেলায় সংঘটিত এসব দুর্ঘটনার অধিকাংশই ঘটেছে বেপরোয়া গতি, ওভারটেকিং, মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ চলাচল এবং চালকদের অসতর্কতার কারণে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

ঈদের আনন্দঘন সময়ে এমন প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, মহাসড়কে কঠোর নজরদারি, গতিনিয়ন্ত্রণ, চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ না নিলে প্রতি উৎসব মৌসুমেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে থাকবে।

দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক দুর্ঘটনায় অসংখ্য পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঈদের আনন্দকে ম্লান করে দেওয়া এই প্রাণহানি আবারও সড়ক নিরাপত্তা নিয়ে জাতীয়ভাবে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au