বিশ্ব

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭

  • 3:15 pm - July 13, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুলাই- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬০ জনের বেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজন এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) মধ্যরাতের কিছুক্ষণ পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এক পথচারী ভবনটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালান।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারটি থেকে মুহূর্তের মধ্যে বিশাল অগ্নিগোলক বের হয়ে আসে। আতঙ্কিত মানুষ আগুনের মধ্য দিয়েই প্রাণ বাঁচাতে দৌড়ে বের হওয়ার চেষ্টা করেন। কেউ চিৎকার করছেন, কেউ মাটিতে লুটিয়ে পড়ছেন। কয়েকজনের শরীরে আগুন জ্বলতেও দেখা যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী। আহত ৬০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থাইরথ জানিয়েছে, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে আনার পর বারর ভেতরে দেখা যায়, আসবাবপত্র, দেয়াল ও ছাদ সম্পূর্ণ পুড়ে কালো হয়ে গেছে। পুরো ভবনজুড়ে ধ্বংসস্তূপের চিত্র দেখা যায়।

প্রধানমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের ঠিক আগে বারে একজন সংগীতশিল্পী গান পরিবেশন করছিলেন। তাঁর বর্ণনা অনুযায়ী, প্রথমে ভবনের প্রধান বৈদ্যুতিক সুইচবোর্ডে আগুন লাগে। এরপর অল্প সময়ের মধ্যেই একটি বিকট বিস্ফোরণ ঘটে এবং দ্রুত ধোঁয়া ও আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, অনেক মানুষ বের হওয়ার পথ না পেয়ে ভবনের পেছনের দিকে চলে যান এবং ধোঁয়া থেকে বাঁচতে টয়লেটের ভেতরে আশ্রয় নেন। পরে সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়।

চাতুচাক এলাকার জনপ্রিয় রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্র ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামের ওই বারে আগুন লাগার পর ঘটনাস্থলের বাইরে সারিবদ্ধভাবে মরদেহের ব্যাগ রাখা হয়। পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

আগুনের সূত্রপাত বৈদ্যুতিক ত্রুটি থেকে হয়েছে কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে, আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া এক গাড়িচালক স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তিনি নিজের গাড়ি থেকে নেমে জানালার কাচ ভেঙে অন্তত দুজনকে নিরাপদে বের করে আনতে সহায়তা করেন। তাঁর এই সাহসী উদ্যোগে কয়েকজনের প্রাণ রক্ষা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার, ছুরিসহ ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) মিড নর্থ কোস্ট এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছুরিসহ ৭২ বছর বয়সী এক…

২০১৬ সালের পানামা পেপার্স: কী ছিল সেই চাঞ্চল্যকর ফাঁসে?

২০১৬ সালে বিশ্বের ২ লাখ ১৪ হাজার ব্যক্তির টাকা পাচারের নথি প্রমাণ সহ ফাঁস করে দিয়েছিলো পানামা পেপার্স।১১.৫ মিলিয়নের এই নথিতে নাম ছিল সাবেক প্রধানমন্ত্রী…

জলবায়ু পরিবর্তনে খাদ্যনিরাপত্তা হুমকিতে, দুর্ভিক্ষের শঙ্কা

ভাস্কর দত্ত :  জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে খাদ্যনিরাপত্তা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও বাস্তুচ্যুতির কারণে জীবিকা হারাচ্ছেন উপকূলীয় অঞ্চলের মানুষ। বাস্তুচ্যুত পরিবারগুলোর…

রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর দাবি, যুদ্ধ নিয়ে হতাশা ও ক্ষোভের…

জলবায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় ৬ পদক্ষেপ, বছরে বাঁচতে পারে ১৬ লাখ প্রাণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ছয়টি কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় ১৬ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একই সঙ্গে কার্বন…

বার্সেলোনার বড় ধাক্কা, এক মাস মাঠের বাইরে রদ্রি

চোটের কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাঁকে পাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au