হরমুজ প্রণালি ইস্যুতে আশার আলো, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন। প্রতীকী ছবি
মেলবোর্ন, ৫ আগস্ট: হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত সমঝোতা হতে পারে- এমন আশাবাদী বার্তার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। এতে সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হওয়া উদ্বেগ অনেকটাই কমেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা জানান, ওয়াশিংটন খুব দ্রুতই হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। এ ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এ পথ দিয়ে তেল পরিবহনে বিঘ্ন ঘটার আশঙ্কায় গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। নতুন সমঝোতার সম্ভাবনা সেই উদ্বেগ অনেকটাই প্রশমিত করেছে।
বাজারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৩২ মার্কিন ডলারে নেমে এসেছে।
একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দামও কমে প্রতি ব্যারেল ৮০ মার্কিন ডলারের নিচে নেমে গেছে, যা বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।