বিজ্ঞান ও প্রযুক্তি

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, এফবিআইকে সতর্ক করল ওপেনএআই

  • 4:22 pm - August 21, 2026
  • পঠিত হয়েছে:১৮ বার
ওপেনএআই।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথোপকথনের অভিযোগে গোল্ডম্যান স্যাকসের সাবেক এক বিশ্লেষককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নথির বরাতে ম্যাসাচুসেটস ল’ইয়ার্স উইকলি এ তথ্য জানিয়েছে। পরে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।

অভিযুক্ত ড্যারেন ঝো (২৫) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গোল্ডম্যান স্যাকসে বিশ্লেষক হিসেবে কাজ করতেন। গত মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে চ্যাটজিপিটির সঙ্গে তার কথোপকথন এফবিআইয়ের কাছে পাঠায় ওপেনএআই। এরপর তদন্তকারীরা প্রায় দুই মাসের ওই কথোপকথনের ইতিহাস পর্যালোচনা করেন।

তদন্তকারীদের দাবি, ঝোর কথোপকথনগুলো শুধু রাগ, হতাশা বা আবেগ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং কয়েক মাস ধরে তিনি সম্ভাব্য সহিংসতা, হামলার পরিকল্পনা এবং পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

আদালতের নথি অনুযায়ী, চলতি বছরের মার্চে প্রায় ছয় মাসের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ঝো তার সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা শুরু করেন। পুলিশকে তিনি জানান, সাবেক প্রেমিকার আশপাশে অন্য পুরুষদের উপস্থিতি নিয়ে তিনি ঈর্ষান্বিত ছিলেন।

তদন্তকারীদের মতে, একপর্যায়ে ঝো তার সাবেক প্রেমিকার জিমের পার্কিং এলাকায় অপেক্ষা করে ফুল নিয়ে সম্পর্ক পুনরায় শুরুর প্রস্তাব দেওয়ার পরিকল্পনার কথা জানান। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে তাকে গুলি করে হত্যার পর নিজেকেও হত্যা করার পরিকল্পনার কথা তিনি চ্যাটে লিখেছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরে তার কথিত পরিকল্পনায় যৌন সহিংসতা ও জিম্মি করে রাখার বিষয়ও যুক্ত হয়। তদন্তকারীদের দাবি, তিনি সাবেক প্রেমিকাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর যৌন নির্যাতন এবং সেখানে আটকে রাখার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠতে পারে বলেও তার কথোপকথনে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

তদন্তকারীদের আরও দাবি, একপর্যায়ে ঝোর কথিত হুমকির পরিধি তার সাবেক প্রেমিকার পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করে।

তদন্তের অংশ হিসেবে ২১ বছর বয়সী ওই নারীর সঙ্গে কথা বলে পুলিশ। তিনি জানান, ঝোর অস্বাভাবিক, ঈর্ষাপ্রবণ ও নিয়ন্ত্রণমূলক আচরণের কারণে তিনি সম্পর্কটি শেষ করেছিলেন। তার আচরণে ভয় পাওয়ায় সামনাসামনি সম্পর্কচ্ছেদ না করে ফোনের মাধ্যমে সম্পর্ক শেষ করেছিলেন বলেও জানান তিনি।

তবে সম্পর্ক শেষ হওয়ার পরও ঝো ফোন, খুদে বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে থাকেন বলে অভিযোগ রয়েছে। অন্য পুরুষদের নিয়ে প্রশ্ন করা এবং তিনি দ্রুত নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এমন অভিযোগও ঝো করতেন বলে তদন্তকারীদের কাছে জানান ওই নারী।

একপর্যায়ে ওই নারী ঝোর ফোন নম্বর ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেন। এরপর বিভিন্ন অ্যাপের মাধ্যমে তৈরি নতুন নম্বর ব্যবহার করে ঝো যোগাযোগ অব্যাহত রাখেন বলে তদন্তকারীরা দাবি করেন। এসব বার্তার কিছুতে হয়রানি, অপমানজনক বক্তব্য, যৌন ইঙ্গিত এবং হুমকি ছিল বলে অভিযোগ করা হয়েছে। তদন্তকারীদের কাছে ওই নারী এসব কথোপকথনের স্ক্রিনশটও জমা দেন।

গ্রেপ্তারের ছয় দিন আগে এফবিআই পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়কে ঝোর চ্যাটজিপিটি কথোপকথন সম্পর্কে সতর্ক করে। এরপর তদন্তকারীরা তার চ্যাট ইতিহাস বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।

পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়ের এক ডেপুটি চ্যাটজিপিটির সঙ্গে ঝোর কথোপকথন পর্যালোচনা করে জানান, সেগুলো কেবল অস্পষ্ট রাগ বা হতাশার বহিঃপ্রকাশ ছিল না। বরং কথোপকথনে ধীরে ধীরে হুমকি এবং সম্ভাব্য সহিংসতার পরিকল্পনার বিষয় উঠে এসেছে বলে তদন্তকারীদের দাবি।

মে মাসে গ্রেপ্তারের পর ঝো পাম বিচ কাউন্টি কারাগারে দুই দিন ছিলেন। পরে ১ লাখ মার্কিন ডলারের জামিনে তাকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে গুরুতরভাবে অনুসরণ বা হয়রানি করা, লিখিতভাবে হত্যার হুমকি দেওয়া এবং মোবাইল ফোনের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীরা এখন ঝোর কথিত পরিকল্পনা, সাবেক প্রেমিকার প্রতি তার আচরণ এবং চ্যাটজিপিটির সঙ্গে হওয়া কথোপকথনের ভিত্তিতে মামলাটি এগিয়ে নিচ্ছেন।

এই শাখার আরও খবর

২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন

মেলবোর্ন, ২১ আগষ্ট: স্মার্টফোনের প্রচলিত ধারণায় নতুনত্ব এনে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনারের নতুন রোবট ফোন। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ পেছনে থাকা মোটরচালিত টাইটানিয়াম…

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার

মেলবোর্ন, ২১ আগষ্ট: খুলনার দিঘলিয়া উপজেলায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর স্কুলের একটি বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে…

বিরোধী নেতার বাড়িতে অভিযানে জাম্বিয়ার সাবেক মন্ত্রী নিহত

মেলবোর্ন, ২১ আগষ্ট: জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পর বিরোধী নেতা ব্রায়ান মুন্ডুবিলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বন্দুকযুদ্ধে সাবেক মন্ত্রী মুতোটওয়ে কাফওয়ায়া…

২১ আগস্ট: ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা দিন

মেলবোর্ন, ২১ আগষ্ট: দুই যুগ ধরে বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস নিয়ে লিখছি। অনেক আন্দোলন, অনেক বিজয় দেখেছি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্টের মতো বর্বরতা আমাদের গণতন্ত্রের…

২১ আগস্ট গ্রেনেড হামলা: ২২ বছর পরও বিচারের অপেক্ষায় ভুক্তভোগীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ২২ বছর পরও নিহতদের স্বজন ও হামলায় আহতরা প্রকৃত অপরাধীদের বিচারের…

রক্তাক্ত ২১ আগস্ট: সংবাদপত্রের পাতায় জমে থাকা প্রশ্নগুলোর উত্তর কি আমরা পেয়েছি?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ওই বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ প্রায় শেষ হয়ে এসেছিল। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা বক্তব্য শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au