শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দলকে নিয়মিত টহল দিতে দেখা যায়। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক চলাচল ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এর অংশ হিসেবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবেন বলে একটি গুঞ্জন ছড়ানো হয়েছে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, দলটির নেতাকর্মী বা সংশ্লিষ্ট কেউ যাতে কোনোভাবেই অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সীমান্তে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা চেয়েছেন বিজিবির এই অধিনায়ক। তিনি বলেন, সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসী ও সচেতন মহলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা সঠিকভাবে বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্ত অপরাধ দমন আরও সহজ হবে।