ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বহুল আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তি আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সই হতে পারে। ছবি: সংগৃহীত
দীর্ঘ দুই দশকের বেশি সময়ের আলোচনা শেষে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের পথে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ১৬ ডিসেম্বর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হতে পারে। এটি কার্যকর হলে ভারতের ৯৩ শতাংশ পণ্য শুল্ক ছাড়াই ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের সুযোগ পাবে। অন্যদিকে, ইউরোপ থেকে আমদানি করা বিলাসবহুল গাড়ি ও ওয়াইনের দাম কমতে পারে ভারতে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জানুয়ারি নয়াদিল্লি ও ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যের মধ্যে চুক্তির বিষয়ে সমঝোতা হয়। দীর্ঘ আলোচনার পর হওয়া এই চুক্তিকে ‘মাদার অব অল ডিলস’ বা ‘সব চুক্তির সেরা’ হিসেবে অভিহিত করা হচ্ছে।
ব্রাসেলসে সই হতে পারে চুক্তি
ভারতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জ্যঁ-এরিক পাকে সম্প্রতি জানিয়েছেন, আগামী ডিসেম্বরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুক্তিতে সই করতে পারেন। তাঁর প্রত্যাশা, আগামী বছর থেকেই চুক্তিটি কার্যকর হতে পারে।
চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এ লক্ষ্যে ইউরোপীয় কমিশন চুক্তিটি সই ও চূড়ান্ত করার অনুমতি চেয়ে ইইউ কাউন্সিলের কাছে আবেদন করেছে। পাশাপাশি চুক্তির চূড়ান্ত আইনি পাঠ এবং শুল্কসংক্রান্ত তালিকাও জমা দেওয়া হয়েছে।
ভারতীয় পণ্যে শুল্ক ছাড়, কমবে গাড়ি ও ওয়াইনের দাম
মুক্ত বাণিজ্য চুক্তিটি কার্যকর হলে ভারতের রপ্তানি বাণিজ্যে নতুন সুযোগ তৈরি হবে। চুক্তির আওতায় দেশটির ৯৩ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধায় ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশ করতে পারবে। এতে ইউরোপের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, ইউরোপ থেকে ভারতে আমদানি করা বিলাসবহুল গাড়ি ও ওয়াইনের ওপর শুল্ক কমানো হবে। ফলে ভারতীয় ক্রেতাদের জন্য এসব পণ্যের দাম তুলনামূলক কমে আসতে পারে।
২০০ কোটি মানুষের বাজার, বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই চুক্তি কার্যকর হলে প্রায় ২০০ কোটি মানুষের একটি বিশাল বাজারের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিতভাবে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় এক-চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে।
এ ছাড়া বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৩৩ ট্রিলিয়ন ডলারের মধ্যে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্মিলিত বাণিজ্যের পরিমাণ প্রায় ১১ ট্রিলিয়ন ডলার।
বাণিজ্যিক অংশীদারদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের পণ্য বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের পণ্য বাণিজ্যের অংশীদার হিসেবে ভারতের অবস্থান নবম এবং সেবা বাণিজ্যে ষষ্ঠ।