এমভি স্টার লাইন। ফাইল ছবি
চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় আটক করা হয়। জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে সোডিয়াম পারক্লোরেট নামের কৌশলগত রাসায়নিক পদার্থ পাওয়া গেছে। রাসায়নিকটির মোট পরিমাণ ৪০৫ টন বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।
শুক্রবার (২০ নভেম্বর) বেলাওয়ানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ (কোডারেল-১)-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা এ তথ্য জানান। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টিভিওয়ান নিউজও এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
ডেনি সেপ্টিয়ানা জানান, জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছিল। পথে জ্বালানি নেওয়ার জন্য ইন্দোনেশিয়ার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় অবস্থান করছিল সেটি। এ সময় ইন্দোনেশিয়ার নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা এমভি স্টার লাইনের গতিবিধি সন্দেহজনক বলে মনে করেন। জাহাজটি নির্ধারিত সমুদ্রপথের বাইরে চলাচল করছিল বলে টহল দলের নজরে আসে। পরে জাহাজটির সঙ্গে যোগাযোগ করে নৌবাহিনীর সদস্যরা।
যোগাযোগের পর জাহাজটির কাগজপত্র ও পণ্য পরিবহনের নথিতে অসংগতি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে কেআরআই সিগালুর কমান্ডার কোডারেল-১-এর সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে জাহাজটিতে তল্লাশি চালানোর উদ্যোগ নেন। তল্লাশিতে জাহাজের ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়।
সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী অক্সিডাইজার বা জারক রাসায়নিক। বিভিন্ন শিল্পপ্রক্রিয়ায় এর ব্যবহার রয়েছে। পাশাপাশি এটি বিস্ফোরক ও প্রপেল্যান্ট তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে। এ ধরনের রাসায়নিক পরিবহনের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত বিধিবিধান অনুসরণের প্রয়োজন হয়। তবে জাহাজে পাওয়া রাসায়নিক পদার্থটি কী কাজে ব্যবহারের জন্য বাংলাদেশে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
জাহাজটির পণ্যসামগ্রীর পাশাপাশি প্রশাসনিক ও নিবন্ধনসংক্রান্ত নথিপত্রেও অসংগতি শনাক্ত হয়েছে। নথিতে এমভি স্টার লাইনের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) নম্বর ৮৩৫৬৯৬২, আনুষ্ঠানিক নম্বর ১৯০২৩৮৪ এবং কল সাইন ডি-৬এ৪৩৮৪ উল্লেখ রয়েছে। কাগজপত্রের মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত দেখানো হলেও জাহাজটির নিবন্ধন বা বৈধতার অবস্থা স্থগিত (সাসপেন্ডেড) হিসেবে শনাক্ত হয়েছে।
ডেনি সেপ্টিয়ানা বলেন, জাহাজটির প্রশাসনিক নথিপত্র, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মকানুন অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জাহাজটির কাগজপত্রে মেয়াদ উল্লেখ থাকলেও নিবন্ধনের অবস্থা স্থগিত থাকায় বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, জাহাজটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। রাসায়নিক পদার্থ পরিবহনের অনুমোদন, পণ্যের প্রকৃত গন্তব্য, জাহাজটির নিবন্ধনসংক্রান্ত তথ্য এবং সমুদ্রপথে চলাচলের বৈধতা যাচাই করা হচ্ছে।
চীন থেকে বাংলাদেশে আসার পথে জাহাজটি আটক হওয়ায় ঘটনাটি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালানটি কোন প্রতিষ্ঠান বা আমদানিকারকের কাছে পাঠানো হচ্ছিল, বাংলাদেশে এর ব্যবহারের উদ্দেশ্য কী ছিল এবং পণ্য পরিবহনের প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তা নথি ছিল কি না, সেসব প্রশ্ন সামনে এসেছে। তবে এ বিষয়ে বাংলাদেশের কোনো আমদানিকারক প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকারি দপ্তরের বক্তব্য এখনো পাওয়া যায়নি।
জাহাজটি আটক হওয়ার পর রাসায়নিক চালানটির পরবর্তী গন্তব্য ও আইনগত অবস্থার বিষয়ে ইন্দোনেশিয়ার তদন্তের ফলাফলের অপেক্ষা রয়েছে। তদন্ত শেষে জাহাজের মালিকানা, পণ্য পরিবহনের বৈধতা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হতে পারে।
সূত্র: ওয়াসপাড.আইডি