অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ ও পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের (আইইইই) ভিক্টোরিয়া শাখার ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা ও নৈশভোজ। গত ১৯ নভেম্বর মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের পার্কভিল ক্যাম্পাসের ইউনিভার্সিটি হাউসের ম্যাথাই কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইইইইর সদস্য, বিশিষ্ট অতিথি, শিক্ষাবিদ, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। সংগঠনের গত এক বছরের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা, পেশাগত অবদানের স্বীকৃতি প্রদান এবং প্রকৌশল ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার করাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সন্ধ্যা সাড়ে ৬টায় অতিথিদের অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়।
নেতৃত্ব, উদ্ভাবন ও পেশাগত সহযোগিতার ওপর গুরুত্ব
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইইইর ভিক্টোরিয়া শাখার ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতি সহযোগী অধ্যাপক বিপ্লব রায়। তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং পেশাগত উন্নয়নে সদস্যদের নিষ্ঠা, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবামূলক অবদানের প্রশংসা করেন।
এ আয়োজন প্রকৌশলী, গবেষক, শিক্ষার্থী ও শিল্প খাতের প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ ও পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ।
মানবকল্যাণে প্রযুক্তির অগ্রগতির লক্ষ্যে আইইইইর দীর্ঘদিনের ভূমিকা অনুষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব পায়। প্রকৌশল দক্ষতা, বৈজ্ঞানিক অগ্রগতি এবং পেশাগত যোগাযোগ বৃদ্ধিতে সংগঠনটির অবদানের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
উদ্ভাবনে আরও এগিয়ে যাওয়ার আহ্বান
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাশ সিটি কাউন্সিলের কাউন্সিলর এবং ২০২৫-২০২৬ মেয়াদের সাবেক ডেপুটি মেয়র এলিশা লি। বক্তব্যে তিনি উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন এবং প্রযুক্তির অগ্রগতি ও সমাজের কল্যাণে অর্থবহ অবদান রাখতে আইইইইর সদস্যদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, উদীয়মান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমাজ, শিল্প ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর সমাধান তৈরিতে প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ সময় ভিক্টোরিয়ার উদ্ভাবন ও প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে পেশাজীবী সংগঠন, সরকার, বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
ইউপিলিংক সাময়িকীর অবদানকারীদের পুরস্কার
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আইইইইর ভিক্টোরিয়া শাখা ও তাসমানিয়া উপশাখার আনুষ্ঠানিক সাময়িকী ‘ইউপিলিংক’-এর ২০২৬ সালের সেরা অবদানকারীদের পুরস্কার প্রদান।
প্রযুক্তি, গবেষণা ও পেশাগত জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা লেখকদের এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।
এ বছর প্রথম স্থান অর্জন করেন সহযোগী অধ্যাপক ড. মালকা এন. হালগামুগে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভ্রান্তিকর বা ভুল তথ্য তৈরির প্রবণতা নিয়ে তাঁর লেখা ‘এআই হ্যালুসিনেশন: মোর দ্যান আ টেকনিক্যাল এরর’ শীর্ষক নিবন্ধটি ইউপিলিংকের ২০২৬ সালের প্রথম সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
নিবন্ধটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভুল তথ্যের বিষয়টি শুধু প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর বিস্তৃত প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। গবেষণা, শিক্ষা, পেশাগত সিদ্ধান্ত গ্রহণ এবং দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়তে থাকায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, তথ্যের যথার্থতা যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক দিকগুলো বিবেচনার প্রয়োজনীয়তাও নিবন্ধটিতে তুলে ধরা হয়েছে। এ ছাড়া ইউপিলিংকে প্রকাশিত অন্যান্য গুরুত্বপূর্ণ লেখার অবদানকারীদেরও অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হয়।
পাঁচ দশকের বেশি সময় ধরে প্রযুক্তি উন্নয়নে ভূমিকা
আইইইইর ভিক্টোরিয়া শাখা অস্ট্রেলিয়ায় প্রকৌশল ও প্রযুক্তির অগ্রগতিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়া শাখার একটি উপশাখা হিসেবে যাত্রা শুরু করে সংগঠনটি। পরে ১৯৮৩ সালে এটি স্বতন্ত্র আইইইই শাখার মর্যাদা পায়। বর্তমানে ভিক্টোরিয়াজুড়ে সংগঠনটির সদস্যসংখ্যা দুই হাজারের বেশি।
বিশ্বের বৃহত্তম প্রযুক্তি পেশাজীবী সংগঠন আইইইইর অংশ হিসেবে ভিক্টোরিয়া শাখা প্রকৌশলী, শিক্ষাবিদ, গবেষক, শিক্ষার্থী এবং শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি করছে।
প্রযুক্তিবিষয়ক সেমিনার, সম্মেলন, কর্মশালা, পেশাগত উন্নয়ন কর্মসূচি, প্রকাশনা এবং বিভিন্ন নেটওয়ার্কিং আয়োজনের মাধ্যমে সংগঠনটি প্রকৌশল ও প্রযুক্তির নানা ক্ষেত্রে জ্ঞান বিনিময় এবং গবেষণাকে উৎসাহিত করছে। একই সঙ্গে অভিজ্ঞ পেশাজীবীদের পাশাপাশি নতুন গবেষক ও তরুণ প্রযুক্তিবিদদের দক্ষতা বিকাশেও কাজ করছে সংগঠনটি।
স্বেচ্ছাসেবকদের অবদান উদ্যাপন
আনুষ্ঠানিক সভা ও পুরস্কার বিতরণের পাশাপাশি বার্ষিক নৈশভোজটি সদস্য ও অতিথিদের মধ্যে মতবিনিময় এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি করে। সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে স্বেচ্ছাসেবক, কমিটির সদস্য, গবেষক ও শিল্প খাতের পেশাজীবীদের অবদান অনুষ্ঠানে বিশেষভাবে স্বীকৃতি পায়।
অনুষ্ঠানে একাডেমিক প্রতিষ্ঠান, শিল্প খাত এবং বৃহত্তর সমাজের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকেরা মনে করেন, প্রযুক্তির অগ্রগতি ও নতুন উদ্ভাবনের জন্য জ্ঞান বিনিময় এবং পেশাগত যোগাযোগের সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুতি কুহার। তিনি উপস্থাপক হিসেবে পুরো আয়োজনের বিভিন্ন পর্ব পরিচালনা করেন।
আইইইইর ভিক্টোরিয়া শাখার ২০২৬ সালের এ বার্ষিক সাধারণ সভা সংগঠনটির গত কয়েক বছরের অর্জন তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে প্রযুক্তিগত অগ্রগতি, পেশাগত সম্পৃক্ততা এবং জ্ঞান বিনিময়ের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় নিয়ে শেষ হয়।