রংপুরে একসঙ্গে হত্যার শিকার হয়েছেন এক পরিবারের চারজন। গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর পারিবারিক ছবিটি এখন শুধুই স্মৃতিছবি: সংগৃহীত
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য চার্জশিটে সংযুক্ত না থাকায় অভিযোগপত্র জমা না দিয়েই আদালত থেকে ফিরিয়ে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতের সংশ্লিষ্ট শাখায় কাগজপত্র যাচাইয়ের সময় এসব অসংগতি ধরা পড়ে। ফলে দীর্ঘদিন ধরে আলোচিত চার হত্যার মামলায় অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া আবারও পিছিয়ে গেল।
রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর মহানগর দায়রা জজ আদালতে মামলার চার্জশিট দাখিলের জন্য যান তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী। তবে আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র ও সংযুক্ত নথিপত্র যাচাইয়ের সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসংগতি নজরে আসে। পরে চার্জশিট জমা না দিয়ে তা ফিরিয়ে নেন তদন্ত কর্মকর্তা।
রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, চার্জশিটে ত্রুটি থাকায় সেটি সংশোধন করতে বলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলা ঠিক হবে না বলে জানান তিনি।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তে সংগৃহীত বিভিন্ন আলামত ও ফরেনসিক পরীক্ষার ফলাফলের সঙ্গে চার্জশিটের তথ্যের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগপত্র তৈরির ক্ষেত্রে তদন্তের গভীর অনুসন্ধানের পরিবর্তে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর বেশি নির্ভর করা হয়েছে বলে সূত্রটির দাবি।
অথচ সিআইডির ফরেনসিক পরীক্ষায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগ্রহ করা কয়েকটি আলামতে দুই আসামির ডিএনএ পাওয়ার তথ্য ছিল। এসব আলামতের মধ্যে রয়েছে খেজুরের বিচি, শসার টুকরা, বিড়ির শেষাংশ এবং নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনা। এসব পরীক্ষার প্রতিবেদন চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক তথ্য অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়টি মামলার তদন্ত ও অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এ ছাড়া হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির বাইরে অন্য কেউ জড়িত ছিল কি না, সে বিষয়েও দীর্ঘদিন ধরে সন্দেহ প্রকাশ করে আসছেন নিহত পরিবারের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা। তাদের আশঙ্কা, হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে। তবে তদন্তে এই সম্ভাবনা কতটা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
মামলার তদন্ত ও চার্জশিটের অসংগতি নিয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ এবং মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েক দিনের মধ্যে চার্জশিট দাখিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
ডিবি সূত্রের দাবি, মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী অল্প কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে তিনি দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট তৈরির চেষ্টা করেছেন। তবে অবসরের আগে তদন্ত শেষ করার তাড়াহুড়োর কারণেই অভিযোগপত্রে অসংগতি তৈরি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তান আগামী ও আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের চার সদস্যের এমন মৃত্যুর ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় পরদিন ২৩ আগস্ট নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ নিহত পরিবারের প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
প্রথমে কোতোয়ালি থানা-পুলিশ মামলাটির তদন্ত শুরু করলেও পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় রংপুর মহানগর গোয়েন্দা পুলিশকে। ডিবির তদন্ত শেষে চার্জশিট দাখিলের উদ্যোগ নেওয়া হলেও ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্যের অসংগতি সামনে আসায় তা আর জমা দেওয়া সম্ভব হয়নি।
এখন চার্জশিট সংশোধনের সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ সব গুরুত্বপূর্ণ আলামত ও তদন্তের তথ্য যথাযথভাবে যুক্ত করা হয় কি না, সেটিই মামলার পরবর্তী অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততার সম্ভাবনা থাকলে তা যথাযথভাবে অনুসন্ধান করা হয়েছে কি না, সেই প্রশ্নেরও স্পষ্ট উত্তর প্রত্যাশা করছেন নিহত পরিবারের স্বজন ও সংশ্লিষ্টরা।