চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে চায়নিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়ে সপ্তম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে দারুণ জয় দিয়ে আসর শেষ করল লাল-সবুজের যুবারা।
চায়নিজ তাইপের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে পাঁচটি গোল আদায় করে নেয় তারা।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ রিফাত। এছাড়া একটি করে গোল করেন মুন্না ইসলাম, তৈয়ব আলী ও মোহাম্মদ আব্দুল্লাহ।
আগামী যুব হকি বিশ্বকাপের আয়োজক ভারত। যুব এশিয়া কাপে সপ্তম হওয়ায় বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
তবে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গ্রুপপর্বের তিন ম্যাচেই পরাজিত হয় দলটি। এরপর ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে হেরে বিশ্বকাপের সরাসরি সুযোগ হারায় তারা।
শেষ ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম হয়ে এশিয়া কাপের অভিযান শেষ করল বাংলাদেশের যুব দল।