অস্ট্রেলিয়া

পডকাস্টের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, কার্ল স্টেফানোভিচের বিরুদ্ধে আদালতে অংশীদার

  • 8:25 pm - September 14, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
জানুয়ারিতে পডকাস্টের উদ্বোধনে স্টেফানোভিচ। ছবি: দ্য ফটো পিচ

অস্ট্রেলিয়ার টেলিভিশন উপস্থাপক কার্ল স্টেফানোভিচের বিরুদ্ধে জরুরি আদালত আবেদন করেছেন তাঁর পডকাস্ট ব্যবসার অংশীদার কেশনি ইব্রাহিম। অভিযোগ, তিনি যে পডকাস্ট প্রতিষ্ঠানটি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেখান থেকে তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

স্টেফানোভিচের বন্ধু ও তাঁর নতুন পডকাস্ট ‘দ্য কার্ল স্টেফানোভিচ শো’-এর ব্যবসায়িক অংশীদার কেশনি ইব্রাহিম (আগের পদবি কেম্প) সোমবার সুপ্রিম কোর্টে জরুরি আবেদন করেন। আগামী ১৮ সেপ্টেম্বর একটি বৈঠকে ইব্রাহিমকে প্রতিষ্ঠানের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ ঠেকাতেই এই আবেদন করা হয়েছে।

আদালতের কাছে ইব্রাহিমের দাবি, তাঁদের যৌথ প্রতিষ্ঠান 123 Podcast Pty Ltd-এ তাঁর ৪৫ শতাংশ মালিকানা ন্যায্য বাজারমূল্যে কিনে নেওয়ার নির্দেশ দেওয়া হোক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নিবন্ধিত প্রতিষ্ঠানটির প্রধান দুই শেয়ারহোল্ডার স্টেফানোভিচ ও ইব্রাহিম। দুজনেরই ৪৫ শতাংশ করে শেয়ার রয়েছে। বাকি ১০ শতাংশের মালিক স্টেফানোভিচের হিসাবরক্ষক ও ব্যবসায়িক পরামর্শক অ্যান্থনি বেল। চলমান বিরোধে বেল জড়িত নন।

জানা গেছে, ইব্রাহিম একাধিকবার প্রস্তাব দিয়েছিলেন, তাঁকে তাঁর অংশীদারিত্ব থেকে বের করে দেওয়ার আগে প্রতিষ্ঠানটির মূল্য নির্ধারণে একটি স্বাধীন মূল্যায়ন করা হোক। তবে প্রায় এক মাস আগে সেই প্রক্রিয়া থমকে যায়।

স্টেফানোভিচ ও ইব্রাহিমের ব্যবসায়িক সম্পর্কের অবনতি শুরু হয় আগস্টে। এর আগে ২৫ জুন স্টেফানোভিচকে নাইন নেটওয়ার্কের ‘টুডে’ অনুষ্ঠানের উপস্থাপকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর ফলে তিনি বছরে সাত অঙ্কের অস্ট্রেলিয়ান ডলারের বেতনও হারান।

ব্রিটিশ উগ্র ডানপন্থী কর্মী টমি রবিনসনের সঙ্গে স্টেফানোভিচের ঘনিষ্ঠ পডকাস্ট সাক্ষাৎকার নিয়ে নাইন কর্তৃপক্ষ আপত্তি তোলার পর এই সিদ্ধান্ত আসে।

রবিনসনের সাক্ষাৎকারটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশের কয়েক দিনের মধ্যেই 123 Podcast Pty Ltd সেটি সরিয়ে নেয়। তবে কেন সাক্ষাৎকারটি সরানো হলো, সে বিষয়ে প্রতিষ্ঠানটি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিতর্কিত ওই পডকাস্ট প্রকাশের পরই স্টেফানোভিচ ও ইব্রাহিমের সম্পর্ক দ্রুত খারাপ হতে থাকে।

স্টেফানোভিচ তাঁর সহযোগীদের বলেছেন, রবিনসনের সাক্ষাৎকারের জন্য নাইন নেটওয়ার্কের অনুমতি নেওয়ার দায়িত্ব ছিল ইব্রাহিমের।

তবে সোমবার ইব্রাহিমের পক্ষ থেকে এ দাবি সরাসরি নাকচ করা হয়েছে। তাঁদের বক্তব্য, রবিনসনকে অতিথি হিসেবে বেছে নেওয়ার ধারণাটি স্টেফানোভিচেরই ছিল।

ইব্রাহিমের পক্ষের একটি সূত্র বলেছে, “কার্ল নিজেই রবিনসনকে সম্ভাব্য অতিথি হিসেবে চিহ্নিত করেছিলেন এবং তাঁকে সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারে তিনি খুবই আগ্রহী ছিলেন।”

সূত্রটির দাবি, স্টেফানোভিচের নিজস্ব আইনজীবী ও ব্যবস্থাপনা দল রয়েছে এবং অনুষ্ঠানের সম্পাদকীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও তাঁরই ছিল।

স্টেফানোভিচের সঙ্গে কেশনি ইব্রাহিম। ছবি: ইনস্টাগ্রাম

শুক্রবার প্রথম প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল, স্টেফানোভিচ ইব্রাহিমকে তাঁদের যৌথ উদ্যোগটি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানানোর পরই ব্যবসায়িক সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটে।

ইব্রাহিম এই প্রতিষ্ঠান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ব্যক্তিগত অর্থও বিনিয়োগ করেছিলেন।

একটি সূত্রের ভাষ্য, “কার্ল এখন মনে করছেন, ব্যবসাটিতে তাঁর আরও বড় অংশীদারিত্ব থাকা উচিত ছিল। তিনি হয়তো একটু দেরিতে বুঝেছেন যে তাঁর নামের এই অনুষ্ঠানটিই এখন তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য আয়ের উৎস। তিনি আরও নিয়ন্ত্রণ ও বেশি মুনাফা চান।”

তবে ২৪ আগস্ট পডকাস্টটি সাময়িকভাবে বন্ধ হওয়ার আগে প্রতিষ্ঠানটি ঠিক কত অর্থ আয় করছিল, তা এখনো স্পষ্ট নয়। ওই সময়ই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শেয়ারহোল্ডারদের মধ্যে অংশীদারিত্ব কেনাবেচা নিয়ে আলোচনা থেমে যায়।ন

পেশাদার ব্র্যান্ড মার্কেটার হিসেবে পরিচিত ইব্রাহিম চলতি বছরের শুরুতে বিভিন্ন গণমাধ্যমে পডকাস্টটির সাফল্যের কথা তুলে ধরেছিলেন।

গত সপ্তাহ পর্যন্ত ‘দ্য কার্ল স্টেফানোভিচ শো’-এর ইউটিউব চ্যানেলে প্রায় ২ লাখ ১৫ হাজার সাবস্ক্রাইবার ছিল। পডকাস্টটির স্পনসরদের মধ্যে ছিল Rode মাইক্রোফোন, ওয়েলনেস ব্র্যান্ড Revive5 এবং বেটিং কোম্পানি Neds।

তবে পোশাক প্রতিষ্ঠান Ringers Western চলতি মাসের শুরুতে পডকাস্টটির স্পনসরশিপ থেকে সরে যায়।

নাইন থেকে বরখাস্ত হওয়ার আগে ইব্রাহিম তাঁর ব্যবসায়িক সহযোগী স্টেফানোভিচের প্রশংসা করে তাঁকে ‘মেশিন’ হিসেবে উল্লেখ করেছিলেন।

মে মাসে Mumbrella-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ভোর ২টা ৩০ মিনিটে উঠে ‘টুডে’ অনুষ্ঠান করার পর প্রতি সপ্তাহে একের পর এক সাক্ষাৎকার ধারণ করা স্টেফানোভিচের জন্য বিশাল কর্মযজ্ঞ। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, স্টেফানোভিচ কাজটি খুব উপভোগ করতেন।

তিনি আরও বলেছিলেন, “আমরা দুজনই বিশ্বাস করি, এটি কোথায় যেতে পারে। তাই সংখ্যাগুলো দেখতে পাওয়া আমাদের আশ্বস্ত করে এবং একই মাত্রায় কাজ চালিয়ে যাওয়ার শক্তি দেয়।”

কেশনি ইব্রাহিম (আগের পদবি কেম্প) ও তাঁর স্বামী জেসন। ছবি: ইনস্টাগ্রাম

স্টেফানোভিচ ও ইব্রাহিম এখনো প্রকাশ্যে তাঁদের ব্যবসায়িক সম্পর্কের ভাঙন নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি।

তবে ইব্রাহিমের পক্ষের সূত্রের দাবি, স্টেফানোভিচের অনুরোধেই তিনি পডকাস্ট ব্যবসাটি দাঁড় করাতে দিন-রাত কাজ করেছেন।

সূত্রটি বলেছে, “প্রথম ছয় মাস কার্ল নাইন-এ পূর্ণকালীন চাকরিতে ছিলেন।”

এই সময়ে ইব্রাহিম স্টেফানোভিচের নাইন-সংক্রান্ত দায়িত্ব ও ব্যস্ততার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসাটি গড়ে তোলা ও পরিচালনার বড় অংশের দায়িত্ব পালন করেন বলে দাবি করা হয়েছে।

তাঁর দায়িত্বের মধ্যে ছিল পডকাস্টের ব্যবসায়িক ও কনটেন্ট কৌশল নির্ধারণ, প্রযোজনা, প্রতিটি পর্বের পরিকল্পনা, বিভিন্ন প্ল্যাটফর্ম পরিচালনা, স্পনসরশিপ, বাণিজ্যিক সম্পর্ক এবং বিপণন।

ছবিতে কার্ল ও জেসমিন স্টেফানোভিচের সঙ্গে কেশনি ও জেসন ইব্রাহিম। ছবি: ইনস্টাগ্রাম

ইব্রাহিমের প্রকাশনা ও টেলিভিশন শিল্পে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি Who ও Cosmopolitan ম্যাগাজিনের সম্পাদক ছিলেন। Pacific Magazines-এ ভিডিও বিভাগের প্রধান এবং ভারপ্রাপ্ত ডিজিটাল বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া নাইন নেটওয়ার্কের Mornings অনুষ্ঠানে প্রযোজক ও চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন তিনি।

২০২৫ সালে নিজের মার্কেটিং এজেন্সি August One চালু করার আগে চার বছর Woolworths Group-এর কনটেন্ট বিভাগের প্রধান ছিলেন।

স্টেফানোভিচের স্ত্রী জেসমিনের সঙ্গে শৈশব থেকেই ইব্রাহিমের বন্ধুত্ব রয়েছে। ২০১৮ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত স্টেফানোভিচ ও জেসমিনের বিয়েতেও ইব্রাহিম এবং তাঁর প্রজেক্ট ম্যানেজমেন্ট নির্বাহী স্বামী জেসন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পডকাস্ট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে চলমান এই বিরোধের পরবর্তী শুনানি মঙ্গলবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে হওয়ার কথা রয়েছে।

সূত্র:নিউজ.কম.এইউ

এই শাখার আরও খবর

গ্যাস ও বিদ্যুৎ নিয়ে পোস্ট, ময়মনসিংহে যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার জেরে ফরহাদ হোসেন নামের এক যুবককে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর…

প্রায় ২ কোটি শিশুকে টিকা, তবু বাংলাদেশে হামে হাজার মৃত্যু কেন?

রেকর্ডসংখ্যক শিশুকে টিকা দেওয়ার পরও বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসছে না। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত রোগটিতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে…

সৌদির তেল অবকাঠামোয় হামলা, বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩%

সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানি একটি কার্গো জাহাজে হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। সোমবার…

জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক, ডাকসু সংগ্রহশালায় ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি বিতর্কিত ছবি ভাঙচুর করেছেন আবু তৈয়ব হাবিলদার নামে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক…

ইউনূস সরকারের আমলে দুর্নীতির অভিযোগের পাহাড় তদন্তে দুদক

অন্তর্বর্তী সরকারের দেড় বছরের সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তাঁর উপদেষ্টা ও ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ জমা পড়েছে বলে…

রামঠাকুরের ধ্যানঘর ভেঙে গুঁড়িয়ে দিলেন মন্দির কমিটির দুই নেতা!

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক এলাকায় শ্রীশ্রী সত্যনারায়ণের সেবামন্দিরে শ্রীশ্রী রামঠাকুরের স্মৃতিবিজড়িত প্রায় ৪০০ বছরের পুরোনো একটি দ্বিতল ভবন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। মন্দির পরিচালনা কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au