নির্বাচিত খবর

ডেঙ্গুর থাবায় বিপর্যস্ত দেশ, এখন কী করবে সরকার?

  • 12:20 am - October 07, 2026
  • পঠিত হয়েছে:৪৩৭ বার
ডেঙ্গু নিধনে ছেটানো হচ্ছে মশক নিধনের ওষুধ। ছবি : সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে মঙ্গলবার (৬ অক্টোবর)। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। পরিস্থিতি সামাল দিতে সরকার হাসপাতালের শয্যা বাড়ানোসহ নানা উদ্যোগ নিলেও সংক্রমণ নিয়ন্ত্রণে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়। এ সংখ্যা ৪৮০ জন।

তাছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯৪, চট্টগ্রাম বিভাগে ২৫২, খুলনা বিভাগে ৩০২, বরিশালে ২০৪ এবং রাজশাহী বিভাগে ১৯৯ জন ভর্তি হয়েছেন। অর্থাৎ ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও ডেঙ্গু দ্রুত ছড়াচ্ছে।

 

গত বছরের চেয়ে মৃত্যু বেশি

চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছে। গত বছর পুরো ২০২৫ সালে ডেঙ্গুতে ৪১৩ জন মারা গিয়েছিলেন। তবে চলতি বছরের একই সময়ের তুলনায় মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৫৯ জন বেশি বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে। সেপ্টেম্বরেই মারা গেছেন ১৪৮ জন, যা এ বছরের সর্বোচ্চ মাসিক মৃত্যু।

 

পরিস্থিতি সামাল দিতে হিমশিম

রোগীর চাপ বাড়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষ বিশেষ করে ঢাকার হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে কিছু রোগী অন্যত্র সরিয়ে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা খালি করার কথা ভাবা হচ্ছে। একই সঙ্গে সেখানে একটি ফিল্ড হাসপাতাল চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

 

মশা নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে 

ডেঙ্গুর মূল বাহক এডিস মশা। বৃষ্টির পর জমে থাকা পানি, নির্মাণাধীন ভবন, খোলা ড্রেন ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা এ মশার প্রজননের সুযোগ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফগিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিয়মিত উৎস ধ্বংস ও স্থানীয় পর্যায়ে নজরদারি জরুরি।

স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠক করে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছে। তবে প্রশ্ন হলো, এসব পদক্ষেপ কতটা দ্রুত মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে।

কারণ হাসপাতালে রোগী আসার পর চিকিৎসা দেওয়া জরুরি হলেও ডেঙ্গু ঠেকাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে রোগী হওয়ার আগেই। মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত অভিযান ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া কঠিন।

 

কী কৌশলে হাটছে সরকার

সরকার ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে ভাবছে। ডেঙ্গুর টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে এটি তাৎক্ষণিক সমাধান নয়। টিকা নিয়ে গবেষণা ও অনুমোদনের প্রক্রিয়া সময়সাপেক্ষ। ফলে এখনকার সংকট মোকাবিলায় মশা নিয়ন্ত্রণ, দ্রুত শনাক্তকরণ, পর্যাপ্ত চিকিৎসা এবং হাসপাতালের সক্ষমতা বাড়ানোর ওপরই জোর দিতে হবে।

গত কয়েক মাসের পরিসংখ্যানও পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছিল পাঁচজন। জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।

এরপর সেপ্টেম্বরে এক লাফে মৃত্যু দাঁড়ায় ১৪৮ জনে। অর্থাৎ বর্ষা ও বৃষ্টির সঙ্গে সঙ্গে পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছে। অক্টোবরেও সেই প্রবণতা অব্যাহত রয়েছে।

 

বিশেষজ্ঞদের অভিমত

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন শুধু স্বাস্থ্য বিভাগের সমস্যা নয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ডেঙ্গু মোকাবিলায় পুরো সরকার ও পুরো সমাজকে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছে। কিন্তু মাঠপর্যায়ে বিভিন্ন সংস্থার কাজের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলে কোনো একক উদ্যোগেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।

 

শেষ কথা

এখন পর্যন্ত চলতি বছর ৯০ হাজার ৩৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৭৭৬ জন। এত বিপুল রোগীর চাপ স্বাস্থ্যব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে। ফলে শুধু মৃত্যুর সংখ্যা কমানো নয়, হাসপাতাল ব্যবস্থাপনাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au