রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস। ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদের একটি স্কুল ও একটি মেডিকেল ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বেসামরিক স্থাপনা ও জরুরি সেবাসংশ্লিষ্ট অবকাঠামোর বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল। এ ধরনের হামলা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবে হামলার মাত্রা বাড়িয়েছে। বৃহস্পতিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র ধ্বংসের কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি সামরিক জোট জানায়, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি এবং খামিস মুশাইতকে লক্ষ্য করে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
এর আগে বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হন।
সূত্র : আরব নিউজ