বাংলাদেশ

খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই খুন, দুটিতেই মাদক-সংশ্লিষ্টতার সন্দেহ

  • 5:19 am - October 23, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
গুলি করে হত্যা। প্রতিকী ছবি

খুলনা নগরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম (৩২) নামের এক যুবক এবং সন্ধ্যার পর জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৫) নামের এক গৃহবধূ হত্যার শিকার হন। প্রাথমিকভাবে পৃথক এ দুটি হত্যাকাণ্ডের পেছনে মাদক ব্যবসাসংক্রান্ত বিরোধ ও অপরাধী চক্রের দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাওহিদুল একটি সক্রিয় অপরাধী চক্রের সদস্য ছিলেন। অন্যদিকে, খুশি ও তাঁর স্বামী সুমন সরদার ওরফে ব্লেড বাবুর বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ এবং মামলা রয়েছে। দুটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সন্ধ্যায় গুলি করে গৃহবধূ হত্যা

বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে নগরের জিন্নাহপাড়া এলাকার বউবাজারের সাত নম্বর গলির মুখে খুশিকে গুলি করে হত্যা করা হয়। তিনি ওই এলাকার খোকন শেখের মেয়ে এবং সুমন সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে পূর্ব দিকে যাচ্ছিলেন খুশি। বাসা থেকে কয়েক মিটার দূরে আগে থেকেই অবস্থান করছিল দুই দুর্বৃত্ত। তাঁরা খুশিকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁর মাথায় গুলি লাগে। পরে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় লোকজন খুশিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, খুশি একা বের হয়েছিলেন, নাকি তাঁর সঙ্গে কেউ ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসার কাছেই দুই দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম জানান, খুশি ও তাঁর স্বামী সুমন সরদার ওরফে ব্লেড বাবু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট মামলাও রয়েছে।

প্রাথমিকভাবে মাদক-সংশ্লিষ্ট বিরোধের জেরে খুশিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সকালে গুলি করে হত্যা করা হয় যুবককে

খুশি হত্যার প্রায় তিন কিলোমিটার দূরে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় বৃহস্পতিবার ভোরে গুলি করে হত্যা করা হয় তাওহিদুল ইসলামকে। সকাল সাড়ে পাঁচটার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালায়। এতে তাওহিদুলের পিঠে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, তাওহিদুল কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তাওহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

নয় মাসে নগরে ৩৩ হত্যাকাণ্ড

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে খুলনা মহানগরে ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৩১টি ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের তালিকা অনুযায়ী, নগরে অন্তত ১০টি শীর্ষ অপরাধী চক্র সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তার ও প্রতিশোধের জেরে এসব চক্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ ১৫ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুই হত্যাকাণ্ডের পেছনেও অপরাধী চক্রের বিরোধ ও মাদক ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্বের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। তবে দুটি ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় শ্রী শ্রী গদাধর কুন্ড দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর করে ভেতরে প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে…

ইসলামি ঐতিহ্যের কথা বলে নারী শিল্পীর গানে আপত্তি, বন্ধ বাউল গানের আসর

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল গানের আসরে নারী শিল্পীদের অংশগ্রহণ নিয়ে আপত্তি ওঠার পর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আয়োজকেরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর…

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্ত’ আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য জানে না কনস্যুলেট

সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানে না জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। সৌদি সরকারের পাঠানো…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত…

দুর্গাপূজার পর দিল্লিতে আবারও ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রির উৎসব শেষ হতেই ভারতের রাজধানী দিল্লিতে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড়…

সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, কারণ কী?

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। ত্রুটি দুটি কাজে লাগিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au