বিশ্ব

দুই মানবাধিকার আইনজীবীর কারাদণ্ডে পাকিস্তানের সমালোচনায় অ্যামনেস্টি

  • 6:03 pm - November 01, 2026
  • পঠিত হয়েছে:৫৪ বার
দুই মানবাধিকার আইনজীবীর কারাদণ্ডে পাকিস্তানের সমালোচনায় অ্যামনেস্টি।ছবি : রয়টার্স

পাকিস্তানে দুই মানবাধিকার আইনজীবী ইমান মাজারি-হাজির ও হাদি আলী চাটাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনায় দেশটির বিচারব্যবস্থার তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, ভিন্নমত দমন এবং মানবাধিকারকর্মীদের কণ্ঠরোধ করতে পাকিস্তানে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত এই দুই আইনজীবীকে ১০ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক ইয়াসমিন আহমেদ বলেন, এই দণ্ডাদেশ পাকিস্তানের বিচারব্যবস্থার স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

তিনি অভিযোগ করেন, মানবাধিকারকর্মীদের কণ্ঠরোধ এবং ভিন্নমত দমনের উদ্দেশ্যে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা হচ্ছে। বিচার চলাকালে আইনজীবীদের প্রথমে আদালতে সশরীরে উপস্থিত হতে বাধা দেওয়া হয়। পরে কারাগার চত্বরে আদালতের কার্যক্রম স্থানান্তর করা হলে তাঁদের খাঁচার মতো একটি কাঠামোর পেছনে রাখা হয়েছিল। শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চা এবং মানবাধিকারের পক্ষে কথা বলার কারণেই তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ইমান মাজারি-হাজির ও হাদি আলী চাটা পাকিস্তানে বলপূর্বক গুম, রাষ্ট্রীয়ভাবে অন্যায় বিচারের অভিযোগ এবং ধর্ম অবমাননা আইনের শিকার প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে কাজ করার জন্য পরিচিত। গত ২৪ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক বাহিনীর সমালোচনা এবং বেলুচ ও পশতুন অধিকারকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে পোস্ট দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাঁদের ১০ থেকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

তবে গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁদের সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করেন। কিন্তু একই দিন পৃথক সন্ত্রাসবিরোধী অভিযোগে তাঁদের আবার গ্রেপ্তার দেখানো হয়। নতুন মামলাগুলোর সঙ্গে ২০২৫ সালের মার্চে বেলুচ আন্দোলনকারীদের বিক্ষোভে সংঘটিত বিশৃঙ্খলা এবং ২০২৪ সালের একটি ক্রিকেট ম্যাচে নিরাপত্তাবেষ্টনী সরিয়ে ফেলার মতো পুরোনো ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে।

পাকিস্তানের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দেশজুড়ে উদ্বেগের মধ্যেই এই রায় দেওয়া হলো। বিশেষ করে দেশটির ২৬তম ও ২৭তম সাংবিধানিক সংশোধনীর পর বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, মানবাধিকারকর্মীদের শান্তিপূর্ণ কর্মকাণ্ডের কারণে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের জন্য উদ্বেগজনক। সংস্থাটি এই ঘটনাকে পাকিস্তানে ভিন্নমত প্রকাশের অধিকার এবং বিচারব্যবস্থার স্বাধীনতার ওপর চাপের একটি উদাহরণ হিসেবে দেখছে।

এই শাখার আরও খবর

‘আর মাত্র ৫ বছর বাঁচব’, কী হয়েছে তানিয়া বৃষ্টির?

ওটিএন বাংলা রিপোর্ট : ‘আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব’—চিকিৎসকের মুখে এমন কথা শুনতে হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। ব্রেন টিউমার…

তিন স্টেশন স্থগিত করে চলছে মেট্রোরেল

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নিরাপত্তার কারণে তিনটি স্টেশনে না থেমে চলাচল করছে মেট্রোরেল। রবিবার (১ নভেম্বর) দুপুর থেকে পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০…

মিরপুরে ১১ নম্বরে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরের ১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করার সময়…

ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত, এরপর কে?

ওটিএন বাংলা রিপোর্ট : বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।…

মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বলিউড অভিনেতা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে নতুন রেকর্ড গড়েছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে, যা ভারতীয়…

‘মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে ভারত-ইসরায়েলের অক্ষশক্তি তৈরির শঙ্কা আছে’

বাংলাদেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তিতে’ যুক্ত হলে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পাল্টা একটি অক্ষশক্তি গড়ে ওঠার আশঙ্কা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au