জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে ১০ দিনের সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বক্তব্য প্রত্যাহার করে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে নোটিশে। একই দিনে পোশাকশ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানোয় নাহিদ ইসলামের সমালোচনা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলাম বরাবর এ আইনি নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বলেন, ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নেই।’
আইনজীবী হাবিবুর রহমান নোটিশে উল্লেখ করেন, নাহিদ ইসলামের এ বক্তব্য তাঁর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। তাঁর দাবি, বক্তব্যটি অমার্জনীয় এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঈর্ষাপ্রসূত। এতে অবাস্তব ও কাল্পনিক মন্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম নিজেকে অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেছেন।
নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের মতো দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। এ ধরনের মন্তব্যের জন্য নাহিদ ইসলামকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্যটি প্রত্যাহার করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
শ্রমিক আন্দোলন নিয়ে ছাত্রদল সভাপতির সমালোচনা
এদিকে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানোয় নাহিদ ইসলামের সমালোচনা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নাহিদ ইসলামকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান।
স্ট্যাটাসে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘জামায়াতের বি-টিমের মুখপাত্র নাহিদ ইসলামের আহ্বান প্রত্যাখ্যান করে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। নিজেকে এভাবে জাতির সামনে হাস্যকর হিসেবে উপস্থাপন না করার জন্য নাহিদ ইসলামকে অনুরোধ করছি। লক্ষ লক্ষ পোশাক শ্রমিকের মাঝে কিছুসংখ্যক শ্রমিকও আপনার নির্দেশ পালন করলেন না।’
তিনি আরও লেখেন, ‘আপনার এ ধরনের অপমান আমাদের মেনে নিতে কষ্ট হয়। জামায়াতকেন্দ্রিক পিছুটান থাকায় দেশের পক্ষে অবস্থান গ্রহণ করতে না পারলে প্রয়োজনে চুপ থাকুন। তারপরও জুলাইয়ের অগ্রসৈনিক হিসেবে নিজের ইমেজকে ভূলুণ্ঠিত করবেন না।’
শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের
এর আগে বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত পোশাকশ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে যান নাহিদ ইসলাম। সেখানে তিনি শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে। শ্রমিক ভাইবোনদের বলব, আপনারা সতর্ক থাকবেন। আমরা শ্রমিকদের ন্যায্য, অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আছি।’
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সহিংসতার মাধ্যমে আন্দোলন থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়ে শ্রমিকদের আন্দোলন দমনের চেষ্টা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এসব শক্তির বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
শ্রমিকদের দাবির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, নিহত শ্রমিক তৌফিকের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া শ্রমিক এবং অন্যায়ভাবে দায়ের করা মামলায় অভিযুক্তদের মামলা প্রত্যাহার করে শ্রমিক নেতা ও শ্রমিক কর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিও জানান তিনি।