বাংলাদেশ

ভূমিষ্ঠ হয়েই ৮০ হাজার টাকা বিদেশি ঋণের বোঝা

  • 4:28 pm - November 09, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
ডলার। প্রতীকী ছবি

ভাস্কর দত্ত :

দেশে একটি শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার মাথায় চেপে বসছে ৮০ হাজার টাকার বিদেশি ঋণের বোঝা। জন্মের পর থেকেই দেশের প্রতিটি নাগরিকের বিপরীতে বিদেশি ঋণের এই দায় তৈরি হচ্ছে।

বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। জনসংখ্যার হিসাবে মাথাপিছু এই ঋণের পরিমাণ ৬৪৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮০ হাজার ৩৩০ টাকা।

বিশ্বব্যাংকের ২০২৬ সালের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্টে’ বাংলাদেশের বিদেশি ঋণের এই চিত্র উঠে এসেছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির সদর দপ্তর থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৪ টাকা ৩৫ পয়সা হিসাবে বাংলাদেশের মোট বিদেশি ঋণের পরিমাণ প্রায় ১৪ লাখ ১০ হাজার ৫০২ কোটি টাকা। ২০২৫ সালে দেশের জনসংখ্যা ছিল প্রায় ১৭ কোটি ৫৭ লাখ।

এক দশকে ঋণ বেড়েছে প্রায় তিন গুণ

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে বাংলাদেশের বিদেশি ঋণ প্রায় তিন গুণ বেড়েছে। ২০১৫ সালে দেশের মোট বিদেশি ঋণের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। এক দশকের ব্যবধানে তা বেড়ে ২০২৫ সালের শেষে দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে।

মোট ঋণের মধ্যে সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণ রয়েছে ৮৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার। বেসরকারি অ-গ্যারান্টিযুক্ত ঋণের পরিমাণ ৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। এ ছাড়া স্বল্পমেয়াদি ঋণ রয়েছে ১৪ দশমিক ৬ বিলিয়ন ডলার।

সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণই মোট বিদেশি ঋণের সবচেয়ে বড় অংশ। এই খাতে বহুপক্ষীয় ঋণদাতাদের কাছে বাংলাদেশের দায় ৫১ দশমিক ১৪ বিলিয়ন ডলার। আর বিভিন্ন দেশের কাছ থেকে নেওয়া দ্বিপক্ষীয় ঋণের পরিমাণ ৩২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংক-এডিবির ঋণ সবচেয়ে বেশি

বহুপক্ষীয় ঋণদাতাদের মধ্যে সবচেয়ে বেশি ঋণ বিশ্বব্যাংকের কাছে। সংস্থাটির কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ ২২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যানিলাভিত্তিক এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই সংস্থার কাছে বাংলাদেশের ঋণ ১৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

এ ছাড়া অন্যান্য বহুপক্ষীয় উন্নয়ন সংস্থার কাছে বাংলাদেশের ঋণ রয়েছে ১০ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। দ্বিপক্ষীয় ঋণদাতাদের মধ্যে শীর্ষে রয়েছে জাপান। দেশটির কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ ১২ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

জাপানের পরই রয়েছে রাশিয়া। দেশটির কাছে বাংলাদেশের ঋণ ৯ দশমিক ০২ বিলিয়ন ডলার। অন্যান্য দেশের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ ১০ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাবেও ঋণ ১৪ লাখ কোটি টাকা

এদিকে বাংলাদেশ ব্যাংকের গত ১২ অক্টোবর প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশের মোট বিদেশি ঋণ দাঁড়িয়েছে ১১৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ১৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, তিন মাস আগে মার্চ শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ১১০ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। অর্থাৎ তিন মাসে ঋণ বেড়েছে প্রায় ৪ বিলিয়ন ডলার বা ৩ দশমিক ৬৫ শতাংশ।

ছয় মাস আগে ২০২৫ সালের ডিসেম্বর শেষে বিদেশি ঋণ ছিল ১১৩ দশমিক ৫২ বিলিয়ন ডলার। আর এক বছর আগে জুন শেষে এই পরিমাণ ছিল ১১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। সে হিসাবে ছয় মাসে ঋণ বেড়েছে ১ দশমিক ২৯ শতাংশ এবং এক বছরে বেড়েছে ১ দশমিক ২৩ শতাংশ।

 

 

এই শাখার আরও খবর

মিরসরাইয়ে সার পাচারের চেষ্টা: বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে…

ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা, নাম লেখাবে গিনেস বুকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নির্মিত হতে যাচ্ছে ৩০ ফুট উচ্চতার স্থায়ী দেবী সরস্বতীর প্রতিমা। আয়োজকদের দাবি, নির্মাণকাজ সম্পন্ন হলে এটিই হবে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী…

কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন, তদন্তে পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে একই মালিকের দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) পৃথক সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের…

​শেখ হাসিনার  স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ

বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব ও নজরদারি দিন দিন আরও গভীর ও স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও জ্যেষ্ঠ রাজনীতিবিদদের চিঠির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক…

টেস্ট ক্রিকেটে ইতিহাস, এক ম্যাচে তিনটি ৫০০ রানের ইনিংস!

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে বিরল এক কীর্তির সাক্ষী হলো সংযুক্ত আরব আমিরাতের শারজা। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার টেস্টে প্রথমবারের মতো দেখা গেল এক ম্যাচে তিনটি…

১৬ ডিসেম্বর ভোরে দেশের মাটিতে পা রাখবেন শেখ হাসিনা

ভাস্কর দত্ত : আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভোরে দেশের মাটিতে পা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ৭ নভেম্বর আওয়ামী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au