পাচারের জন্য নৌযানে সার বোঝাই করার সময় ট্রাক দুটি জব্দ করা হয়। গত ৩১ সেপ্টেম্বর রাতে মিরসরাইয়ের মুহুরী প্রকল্প এলাকায়। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহসিন সম্রাট (৫৭), আজাহার উদ্দিন (২২) ও ফাবিয়াতুল ফারাবী (২৪)। তাঁদের সবার বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নে। মহসিন সম্রাট ওই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। ফারাবী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি। আজাহার উদ্দিনও ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয় বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও তাঁদের সক্রিয় দেখা যায়।
পুলিশ জানায়, গত ৩১ সেপ্টেম্বর রাতে মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকা থেকে সারবোঝাই দুটি ট্রাক জব্দ করা হয়। ট্রাক দুটিতে ১৫ হাজার ৫০ কেজি সার ছিল। মাছ ধরার নৌযানে সারগুলো তোলার সময় পুলিশ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিন শ্রমিককে আটক করা হয়। ওই রাতেই এ ঘটনায় ১৫ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন থানার উপপরিদর্শক মতিউর রহমান।
মামলার তদন্তে আটক শ্রমিকদের সঙ্গে মুঠোফোনে মহসিন সম্রাট, আজাহার উদ্দিন ও ফাবিয়াতুল ফারাবীর যোগাযোগের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সার পাচারের চেষ্টায় তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবরের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারে আজ সোমবার ভোরে তাঁর একটি কার্যালয়ে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি। শওকত আকবর উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি পলাতক।

পুলিশের অভিযানে গ্রেপ্তার তিনজন। ছবি: সংগৃহীত
পুলিশের ভাষ্য, গত দুই মাস ধরে মিরসরাই উপকূলের নির্জন এলাকা ব্যবহার করে সাগরপথে মিয়ানমারে সার পাচার করা হচ্ছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকা দিয়ে সার পাচারের সময় ৪২ হাজার কেজি ইউরিয়া সার, চারটি ট্রাক ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করে কোস্টগার্ড। সর্বশেষ গত শুক্রবার রাতে মিরসরাই উপকূলে ১৫ হাজার কেজি সারসহ একটি ট্রাক ও এর চালককে আটক করে পুলিশ। এসব ঘটনায় একই চক্র জড়িত বলে ধারণা করছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। সার পাচারে জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মিরসরাইয়ের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন প্রথম আলোকে বলেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। সংকটের কারণে প্রতিবেশী দেশে সার পাচার দেশের জন্য স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে।