খেলা

টেস্ট ক্রিকেটে ইতিহাস, এক ম্যাচে তিনটি ৫০০ রানের ইনিংস!

  • 1:54 am - November 10, 2026
  • পঠিত হয়েছে:৭১ বার
ডাবল সেঞ্চুরি পেয়েছেন জিম্বাবুয়ের ক্রেগ আরভিন। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে বিরল এক কীর্তির সাক্ষী হলো সংযুক্ত আরব আমিরাতের শারজা। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার টেস্টে প্রথমবারের মতো দেখা গেল এক ম্যাচে তিনটি ৫০০ বা তার বেশি রানের দলীয় ইনিংস। পাঁচ দিনের লড়াই শেষে ম্যাচটি ড্র হলেও ব্যাটসম্যানদের দাপটে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে শারজা টেস্ট।

সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টের ব্যস্ততার মধ্যে অনেকটাই আড়ালে ছিল জিম্বাবুয়ে-আফগানিস্তানের এই ম্যাচ। অথচ শারজায় যা ঘটেছে, তা টেস্ট ক্রিকেটের ইতিহাসেই প্রথম।

ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৫০৪ রান সংগ্রহ করে। জবাবে আফগানিস্তান করে ৫১৪ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। ফলে এক ম্যাচে দুই দলের তিনটি ইনিংসে ৫০০ বা তার বেশি রান দেখা গেল, যা ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে আগে কখনো ঘটেনি।

শুধু তাই নয়, টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে একই ম্যাচের দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করার কীর্তিও গড়েছে জিম্বাবুয়ে। এর আগে একটি টেস্টে অন্তত দুটি ৫০০ রানের ইনিংস দেখা গেছে ৪৯ বার।

তবে দুই দলের সম্মিলিত রানের হিসাবে শারজা টেস্ট সর্বোচ্চ ৪০ ম্যাচের তালিকায় জায়গা পায়নি। পাঁচ দিনে দুই দল মিলে করেছে ১ হাজার ৫৪১ রান, যা সর্বোচ্চ রানের তালিকায় ৪১তম। ৪০ উইকেটের মধ্যে পড়েছে মাত্র ২৫টি। অর্থাৎ, বোলারদের চেয়ে ব্যাটসম্যানদের দাপটই ছিল এই ম্যাচের মূল আকর্ষণ।

আরভিনের ডাবল সেঞ্চুরি, মাধেভেরের প্রথম শতক

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের শেষ সেশনে ওয়েলেসলি মাধেভেরে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। অন্যদিকে আগেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ৪১ বছর ৮২ দিন বয়সী ক্রেগ আরভিন। শেষ পর্যন্ত দুই দল ড্র মেনে নিলে ম্যাচের সমাপ্তি ঘটে।

২০৬ রানে অপরাজিত থাকা আরভিন টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় সর্বোচ্চ বয়স্ক ক্রিকেটার হয়েছেন। তাঁর আগে এই কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার এরিক রোয়ান ও ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক হবস।

১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ বছর ৬ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করেছিলেন রোয়ান। আর ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১ বছর ১৯৫ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন হবস।

৪০ পেরিয়ে এক ম্যাচে একাধিক সেঞ্চুরি

শারজা টেস্টে আরেকটি বিরল ঘটনা ঘটেছে বয়সের দিক থেকে। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৪০ বছর ২৭৬ দিন বয়সে সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেলর। আর দ্বিতীয় ইনিংসে ৪১ বছর বয়সে ডাবল সেঞ্চুরি করেন আরভিন।

এর ফলে ১৯২৬ সালের লর্ডস টেস্টের পর প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচে ৪০ বছর পেরোনো একাধিক ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন।

আরভিনের ডাবল সেঞ্চুরিটি টেস্ট ইতিহাসে ৪০ বছর বয়স পার করে কোনো ব্যাটসম্যানের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। ১৯৯৪ সালে গ্রাহাম গুচের পর এই প্রথম কোনো ব্যাটসম্যান ৪০ বছর পেরিয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন।

সাত সেঞ্চুরিতেও রেকর্ড ছোঁয়া হলো না

শারজা টেস্টে দুই দলের ব্যাটসম্যানরা মোট সাতটি সেঞ্চুরি করেছেন। তবে এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারেননি তাঁরা।

টেস্ট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ আটটি সেঞ্চুরির নজির রয়েছে। ২০০৫ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টে প্রথমবার আটটি সেঞ্চুরি দেখা যায়। এরপর ২০১৩ সালে গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার টেস্টেও একই কীর্তি গড়েন ব্যাটসম্যানরা।

রেকর্ডের দিক থেকে তাই শারজা টেস্ট হয়ে থাকল এক অনন্য ম্যাচ। ফলাফল ড্র হলেও তিনটি ৫০০ রানের ইনিংস, দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের শতক এবং আরভিনের ডাবল সেঞ্চুরি ম্যাচটিকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশেষ জায়গা করে দিয়েছে।

এই শাখার আরও খবর

মিরসরাইয়ে সার পাচারের চেষ্টা: বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে…

ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা, নাম লেখাবে গিনেস বুকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নির্মিত হতে যাচ্ছে ৩০ ফুট উচ্চতার স্থায়ী দেবী সরস্বতীর প্রতিমা। আয়োজকদের দাবি, নির্মাণকাজ সম্পন্ন হলে এটিই হবে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী…

কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন, তদন্তে পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে একই মালিকের দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) পৃথক সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের…

​শেখ হাসিনার  স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ

বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব ও নজরদারি দিন দিন আরও গভীর ও স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও জ্যেষ্ঠ রাজনীতিবিদদের চিঠির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক…

১৬ ডিসেম্বর ভোরে দেশের মাটিতে পা রাখবেন শেখ হাসিনা

ভাস্কর দত্ত : আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভোরে দেশের মাটিতে পা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ৭ নভেম্বর আওয়ামী…

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফয়সাল ও সুকুমার নামে দুজনকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au