Uncategorized

বাংলাদেশে ফেরার প্রস্তুতি

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাইলেন শেখ হাসিনা

  • 12:02 am - November 10, 2026
  • পঠিত হয়েছে:৫৩ বার
শেখ হাসিনা ।ছবি : সংগৃহীত

ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদন করা হয়। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা তাঁর হয়ে চিঠিটি পাঠান। চিঠিটি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের উদ্দেশে লেখা হয়েছে।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হচ্ছে।

আইনজীবীরা আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদ ও চুক্তির অধীনে বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোর আলোকে আবেদন বিবেচনার অনুরোধ করা হয়েছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তাঁর এই নতুন আবেদনকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথাও বলেছিলেন তিনি। সোমবার তাঁর সহযোগীরা জানান, দেশে ফেরার তারিখসহ বিস্তারিত কর্মসূচি বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ঘোষণা করা হবে।

তবে শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়ের ছাত্র–জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে শেখ হাসিনা ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

একই সঙ্গে তাঁর রাজনৈতিক দল আওয়ামী লীগও বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলের অনেক নেতা–কর্মী কারাবন্দি হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

বহু মেয়াদে প্রায় ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুতির পরও দেশের একটি অংশের মানুষের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। ফলে তাঁর দেশে প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ ও উত্তেজনা তৈরি করতে পারে। অন্যদিকে, দুই বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে বর্তমান সরকার।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে রয়টার্স মন্তব্য জানতে চেয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, ঢাকা–নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত তাঁকে আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। তাঁর দেশে ফেরা নিয়ে অগ্রগতি হলে সেই সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণেও প্রভাব পড়তে পারে। তবে প্রত্যাবর্তন প্রক্রিয়া, আইনি অবস্থান এবং দুই দেশের সরকারের ভূমিকা কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

মিরসরাইয়ে সার পাচারের চেষ্টা: বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে…

ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা, নাম লেখাবে গিনেস বুকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নির্মিত হতে যাচ্ছে ৩০ ফুট উচ্চতার স্থায়ী দেবী সরস্বতীর প্রতিমা। আয়োজকদের দাবি, নির্মাণকাজ সম্পন্ন হলে এটিই হবে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী…

কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন, তদন্তে পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে একই মালিকের দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) পৃথক সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের…

​শেখ হাসিনার  স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ

বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব ও নজরদারি দিন দিন আরও গভীর ও স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও জ্যেষ্ঠ রাজনীতিবিদদের চিঠির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক…

টেস্ট ক্রিকেটে ইতিহাস, এক ম্যাচে তিনটি ৫০০ রানের ইনিংস!

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে বিরল এক কীর্তির সাক্ষী হলো সংযুক্ত আরব আমিরাতের শারজা। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার টেস্টে প্রথমবারের মতো দেখা গেল এক ম্যাচে তিনটি…

১৬ ডিসেম্বর ভোরে দেশের মাটিতে পা রাখবেন শেখ হাসিনা

ভাস্কর দত্ত : আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভোরে দেশের মাটিতে পা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ৭ নভেম্বর আওয়ামী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au