‘শাস্তি’ কাটিয়ে ইংল্যান্ড লায়ন্সে ফিরছেন ব্রাইডন কার্স
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড জাতীয় দলে ফেরার পথ খুলছে পেসার ব্রাইডন কার্সের। ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের…
বাংলাদেশ ও পাকিস্তানের প্রায় ৫০ জন অননুমোদিত অভিবাসীকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস সরকার। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ২৭ বছর বয়সী বাংলাদেশি যুবক মো. হাসানও রয়েছেন। গ্রিসের নাফপ্লিও শহরে বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসীদের সেখানে যেতে উৎসাহিত করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রিসের অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অননুমোদিত অভিবাসন ঠেকাতে সরকারের চলমান কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।
স্থানীয় গ্রিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন হাসান। সেখানে তাঁকে বলতে শোনা যায়, নাফপ্লিও শহরে কাজের সুবাদে তাঁদের অবস্থান বেশ সুবিধাজনক। বৈধ কাগজপত্র না থাকলেও অন্যরা সহজেই সেখানে আসতে পারবেন বলে দাবি করেন তিনি। এমনকি দীর্ঘদিন সেখানে অবস্থান করলেও পুলিশ তাঁদের খুঁজে পাবে না বলেও ভিডিওতে উল্লেখ করেন হাসান।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গ্রিক প্রশাসনের নজরে আসে। পরে পুলিশ হাসানকে শনাক্ত করে। এরপর তাঁর আগের বসবাসের অনুমতিপত্র বাতিল করা হয়। একই সঙ্গে রাজনৈতিক আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়। শেষ পর্যন্ত তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।
জানা গেছে, হাসানের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। তিনি গত চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। তবে টিকটকে প্রকাশিত ওই ভিডিওকে কেন্দ্র করে গ্রিসের অভিবাসন আইন অনুযায়ী তাঁকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস বলেছেন, অননুমোদিত অভিবাসন প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নিয়ে পরিচালিত বিশেষ ফ্লাইটটি সেই পদক্ষেপেরই অংশ।
এদিকে, এ ঘটনায় গ্রিসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের একাংশের আশঙ্কা, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার জন্য কেউ কেউ গ্রিসে অননুমোদিতভাবে প্রবেশের সুযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে শুধু সংশ্লিষ্ট ব্যক্তিরাই ঝুঁকিতে পড়ছেন না, গ্রিসে বসবাসরত পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সচেতন প্রবাসীরা মনে করছেন, বিদেশে বসবাস ও কাজের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে অভিবাসন আইন ও বৈধ কাগজপত্রসংক্রান্ত বিষয়ে ভুল তথ্য প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি এবং অন্য অভিবাসনপ্রত্যাশীদের জন্য গুরুতর পরিণতি তৈরি হতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au