‘শাস্তি’ কাটিয়ে ইংল্যান্ড লায়ন্সে ফিরছেন ব্রাইডন কার্স
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড জাতীয় দলে ফেরার পথ খুলছে পেসার ব্রাইডন কার্সের। ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের…
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিভিন্ন এলাকায় ভয়াবহ ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ভেঙে পড়ায় কুইন্সল্যান্ডে ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৮টা পর্যন্ত বিদ্যুৎহীন মানুষের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনার্জেক্স (Energex)। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ৩০০টির বেশি বিদ্যুৎ লাইনের অংশ ভেঙে পড়েছে।

ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার দৃশ্য দেখেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: ফেসবুক।
বিশেষ করে লোগান থেকে জিমবুম্বা পর্যন্ত প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইনে একাধিক স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিয়ার্সডেল্ট এলাকার বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে।

ব্রিসবেন ও গোল্ড কোস্টের বাসিন্দাদের ওপর তীব্র বৃষ্টি ও ঝড় আঘাত হানতে পারে। ছবি: নিউজওয়্যার / টারশিয়াস পিকার্ড।
এদিকে কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং নিউ সাউথ ওয়েলসের উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বুধবার এসব এলাকায় তীব্র বজ্রঝড়, বড় আকারের শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও ক্ষতিকর ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে, বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। মিড নর্থ কোস্টের কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিতে সাদা হয়ে যায় চারপাশ। ইয়্যারাবিলবার এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিকেলে ঝড়ের ভিডিও ধারণ করার সময় হঠাৎ বাতাসের তীব্রতা বেড়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অন্য এক বাসিন্দা জানান, গত এক দশকে এমন ভয়াবহ ঝড় তিনি দেখেননি। ঝড়ের কারণে ঘরের কয়েকটি কক্ষ পানিতে তলিয়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।

এ সপ্তাহে কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চল ও নিউ সাউথ ওয়েলসের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানবে তীব্র ঝড়। ছবি: উইন্ডি।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডিন নারামোর বলেন, আর্দ্র বাতাসের সঙ্গে সূর্যের তাপে সৃষ্ট উষ্ণতার মিশ্রণে বায়ুমণ্ডলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলে বিভিন্ন এলাকায় বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার বিকেল ও সন্ধ্যায় কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের পূর্বাঞ্চলে বৃষ্টির বিস্তৃতি ঘটবে। বিশেষ করে ব্রিসবেন ও গোল্ড কোস্ট এলাকায় বড় আকারের শিলাবৃষ্টি, ভারী বর্ষণ এবং ক্ষতিকর ঝোড়ো বাতাস আঘাত হানতে পারে। এ ছাড়া কুইন্সল্যান্ডের এস্ক, কিলকয়, ফার্নভেল ও ক্রাউস নেস্ট এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
ডিন নারামোর সতর্ক করে বলেন, এসব এলাকায় বড় আকারের শিলাবৃষ্টি, প্রবল বাতাস ও ভারী বর্ষণের কারণে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ফসলের ক্ষতি হতে পারে। গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঝড়ের প্রভাব কমে আসার আগে কয়েক দিন ধরে তা অব্যাহত থাকতে পারে। ছবি: উইন্ডি।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঝড়ের প্রভাব আরও দক্ষিণে নিউ সাউথ ওয়েলসের উত্তর-পূর্বাঞ্চল ও কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। নর্দার্ন রিভার্স, মিড নর্থ কোস্ট ও নর্দার্ন টেবিলল্যান্ডস এলাকায় বড় শিলাবৃষ্টি, ক্ষতিকর ঝোড়ো বাতাস এবং ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে গ্রাফটন, কফস হারবার, মুরউইলুম্বাহ, কাইলগল, ইয়াম্বা ও নিম্বয়ডা।
এ ছাড়া সন্ধ্যা ও রাতের দিকে ঝড়ের প্রভাব উত্তরের দিকে সরে কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওয়াইড বে ও বার্নেট জেলা হয়ে জিম্পি পর্যন্ত বিস্তৃত হতে পারে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভোরের দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও বিকেল থেকে আবারও তীব্র বজ্রঝড়, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিন ঝড়ের মূল প্রভাব থাকবে কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং নিউ সাউথ ওয়েলসের উত্তর-পূর্বাঞ্চলে।

নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডজুড়ে বজ্রঝড়ের প্রভাব বিস্তার করবে। ছবি: নিউজওয়্যার / ডেভিড ক্রসলিং।
বায়রন বে ও জিম্পি এলাকায় ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। পাশাপাশি বান্ডাবার্গ থেকে পোর্ট ম্যাককুয়ারি পর্যন্ত বিস্তৃত এলাকাতেও ভারী বৃষ্টি ও ক্ষতিকর ঝোড়ো বাতাসের আশঙ্কা রয়েছে।
ডিন নারামোর জানান, আগামী কয়েক দিনে এসব এলাকায় ২৫ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বজ্রঝড়প্রবণ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবারের পাশাপাশি সপ্তাহান্তেও কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং নিউ সাউথ ওয়েলসের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির প্রভাব অব্যাহত থাকতে পারে।
এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: নিউজ.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au