বাংলাদেশ

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা

  • 4:40 pm - November 11, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
ফ্যামিলি কার্ডের প্রলোভনে প্রতিবন্ধী মায়ের ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে পারেছা খাতুন নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারকের কথায় মোবাইল ফোনে আসা এককালীন গোপন নম্বর (ওটিপি) জানানোর পর তিন দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

পারেছা খাতুন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী শাহিন আলম বুদ্ধিপ্রতিবন্ধী। তাঁদের দুই সন্তান পারভেজ আহমেদ (৭) ও হামিম আহমেদ (৪) জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। এ ছাড়া পরিবারের সঙ্গে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদ। নানা প্রতিকূলতার মধ্যে এই পরিবারটির দিন কাটছে।

থানায় দেওয়া অভিযোগে পারেছা খাতুন জানান, গত সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে ফোন করেন। ওই ব্যক্তি তাঁর ছেলে পারভেজ আহমেদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেন। কার্ডের অর্থ কীভাবে পাওয়া যাবে, তা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একপর্যায়ে তাঁর মোবাইল ফোনে আসা ওটিপি নম্বর জানতে চান।

ফোনে দেওয়া নির্দেশনা অনুযায়ী পারেছা নম্বরটি জানালে তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ১২ হাজার ৮৯৯ টাকা অন্য একটি নম্বরে পাঠানো হয়। পরে বিষয়টি বুঝতে পেরে মঙ্গলবার তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ করেন।

পারেছা খাতুন বলেন, ‘মোবাইল সম্পর্কে আমিও কিছু বুঝি না। আবার দেখতেও পাই না। তাই এক আত্মীয়কে ডেকে ফোনে আসা ওটিপি দিতে বলি। সেও মেয়ে মানুষ, মোবাইল সম্পর্কে তেমন বোঝে না। আমরা কেউই বুঝতে পারিনি। প্রতারকেরা এই সুযোগে আমার সব টাকা নিয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমার মতো অসহায় মানুষের টাকাটা যেন দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করেন।’

স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে অনেক কষ্টে সংসার চালান পারেছা। তাঁর কাছে জমা থাকা টাকাটুকুই ছিল পরিবারের বড় সম্বল। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে সেই অর্থ হারিয়ে পরিবারটি এখন আরও বিপাকে পড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসারের বাড়তি আয়ের জন্য পারেছা ছাগল ও হাঁস-মুরগি পালন করেন। ভিক্ষার ওপর নির্ভর না করে নিজের সামর্থ্য অনুযায়ী পরিবার চালানোর চেষ্টা করেন তিনি। তাঁর স্বামীও কাজের চেষ্টা করেন, তবে নিয়মিত কাজ পান না। ফলে পরিবারের দৈনন্দিন ব্যয় মেটাতে তাঁদের হিমশিম খেতে হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল ইসলাম বলেন, পরিবারটি খুবই অসহায়। বিভিন্ন ব্যক্তি তাঁদের সহযোগিতা করেন। তিনিও ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সহায়তা করবেন। পাশাপাশি প্রশাসনের কাছে টাকা উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, পারেছা খাতুন এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে একজন অসহায় নারীর সঞ্চিত অর্থ হারানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

এই শাখার আরও খবর

‘শাস্তি’ কাটিয়ে ইংল্যান্ড লায়ন্সে ফিরছেন ব্রাইডন কার্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড জাতীয় দলে ফেরার পথ খুলছে পেসার ব্রাইডন কার্সের। ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের…

অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন ৮০ হাজারের বেশি মানুষ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিভিন্ন এলাকায় ভয়াবহ ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন…

গণপিটুনি থেকে হেফাজতে মৃত্যু: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ ডিআরপিডব্লিউর

রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশের মানুষের জীবন, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার কতটা সুরক্ষিত হয়েছে—এই প্রশ্ন সামনে এনেছে অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচ (ডিআরপিডব্লিউ)।…

ঢাকায় ১২ ঘণ্টায় চার স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই বাসে আগুন

রাজধানী ঢাকায় ১২ ঘণ্টায় চার স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা…

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়া · শ্রমিক বিক্ষোভ বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আবারও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়…

৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র নিয়ে জল্পনা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্রের নাম সিদ্ধার্থ, পেশায় ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা। সম্প্রতি কলকাতার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au