বাংলাদেশ

শেখ হাসিনার পক্ষে লড়া কে এই ব্রিটিশ আইনজীবী

  • 6:32 pm - November 11, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ব্রিটিশ আইনজীবী স্টিভেন পোলস।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পোলস কেসি। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে পরিচয় দেওয়া এই ব্রিটিশ আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও জাতিসংঘের বিভিন্ন ফোরামে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে আইনি তৎপরতা চালিয়ে আলোচনায় এসেছেন।

গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইলের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়। এতে স্টিভেন পোলস উল্লেখ করেন, শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে। এ অবস্থায় তাঁর নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের বিষয় বিবেচনায় নিয়ে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়।

তবে চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষর করা কোনো আনুষ্ঠানিক সম্মতিপত্র বা ওকালতনামা সংযুক্ত ছিল না। স্টিভেন পোলস শেখ হাসিনার ব্যক্তিগত নির্দেশে, নাকি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে তাঁর আইনি প্রতিনিধি হিসেবে কাজ করছেন, সে বিষয়েও চিঠিতে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

কে এই স্টিভেন পোলস

স্টিভেন পোলস যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর একজন জ্যেষ্ঠ ব্যারিস্টার। ১৯৯৭ সালে আইন পেশা শুরু করেন তিনি। আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ ও মানবাধিকার আইনে বিশেষজ্ঞ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। ২০১৯ সালে তিনি ব্রিটিশ রাজপরিবারের মর্যাদাপূর্ণ ‘কুইনস কাউন্সিল’ উপাধি লাভ করেন, যা বর্তমানে ‘কিংস কাউন্সিল’ বা কেসি নামে পরিচিত।

আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়েকটি আলোচিত মামলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে পোলসের। আন্তর্জাতিক অপরাধ আদালত, সাবেক যুগোস্লাভিয়া বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং সিয়েরা লিওনের বিশেষ আদালতে মামলা পরিচালনা করেছেন তিনি। এর আগে লাইবেরিয়ার সাবেক ফার্স্ট লেডি, কেনিয়ার সাবেক মন্ত্রী এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির পক্ষেও আইনি লড়াই করেছেন এই আইনজীবী।

আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার পক্ষে তৎপরতা

পেশাগত নথি অনুযায়ী, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সক্রিয় রয়েছেন স্টিভেন পোলস। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সম্ভাব্য বিধিনিষেধ আরোপের উদ্যোগের বিরুদ্ধে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ও বিশেষ দূতদের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন তিনি।

এ ছাড়া আসামির অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড দেওয়াকে জীবনের মৌলিক অধিকারের লঙ্ঘন দাবি করে জাতিসংঘের মানবাধিকার দপ্তরে আবেদন পাঠিয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় আন্তঃসংসদীয় ইউনিয়নেও (আইপিইউ) অভিযোগ দায়ের করেছেন তিনি। সেখানে শেখ হাসিনার বিচার, তাঁর মৃত্যুদণ্ডের রায়, দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের উদ্যোগ এবং সাবেক সংসদ সদস্যদের আটকের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

চিঠি পর্যালোচনা করছে সরকার

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো চিঠিটি ঢাকায় আসার পর পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে। চিঠির সত্যতা এবং এর আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উদ্যোগটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বরং দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

স্টিভেন পোলসের পাঠানো চিঠি এবং শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর আইনি তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে চিঠির সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক সম্মতিপত্র না থাকা এবং তাঁর পক্ষে আইনজীবী নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় বিষয়টি নিয়ে আইনি প্রশ্নও সামনে এসেছে।

এই শাখার আরও খবর

‘শাস্তি’ কাটিয়ে ইংল্যান্ড লায়ন্সে ফিরছেন ব্রাইডন কার্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড জাতীয় দলে ফেরার পথ খুলছে পেসার ব্রাইডন কার্সের। ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের…

অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন ৮০ হাজারের বেশি মানুষ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিভিন্ন এলাকায় ভয়াবহ ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন…

গণপিটুনি থেকে হেফাজতে মৃত্যু: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ ডিআরপিডব্লিউর

রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশের মানুষের জীবন, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার কতটা সুরক্ষিত হয়েছে—এই প্রশ্ন সামনে এনেছে অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচ (ডিআরপিডব্লিউ)।…

ঢাকায় ১২ ঘণ্টায় চার স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই বাসে আগুন

রাজধানী ঢাকায় ১২ ঘণ্টায় চার স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা…

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়া · শ্রমিক বিক্ষোভ বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আবারও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়…

৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র নিয়ে জল্পনা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্রের নাম সিদ্ধার্থ, পেশায় ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা। সম্প্রতি কলকাতার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au