ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ এবং বকুল গ্রুপের বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেলের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে মারধর করেন আক্তার, রুবেলসহ তাদের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনার জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পাশাপাশি কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, পূর্ববিরোধের জেরে এনাম খাঁ এবং আক্তার-রুবেলের সমর্থকদের মধ্যে সকাল থেকে সংঘর্ষ চলছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।