মাহদী হাসান। ছবি : সংগৃহীত
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।
তবে ঘটনাটিকে পেট্রোল বোমা হামলা হিসেবে মানতে নারাজ পুলিশ। তাদের ধারণা, অতিরিক্ত বৈদ্যুতিক লোডের কারণে মিটার পুড়ে গিয়ে থাকতে পারে।
ফেসবুক লাইভে মাহদী হাসান দাবি করেন, প্রথমে তার বাসার টিনের চাল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরে বিদ্যুতের মিটার লক্ষ্য করে আরও একটি বোমা ছোড়া হয়।
লাইভে তাকে আশপাশের লোকজনকে ডেকে ঘটনাস্থলে জড়ো করতে দেখা যায়। এ সময় বাসার বিদ্যুতের মিটার পুড়ে যাওয়ার দৃশ্যও দেখান তিনি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। তবে ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের বক্তব্যে উঠে আসে ভিন্ন তথ্য।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, এটি মাহদী হাসানের চাচার বাড়ি। সেখানে একটি টিনের ঘরের বিদ্যুতের মিটার থেকে বিভিন্ন অটোরিকশা চার্জ দেওয়া হয়।
ওসি জানান, অতিরিক্ত বৈদ্যুতিক লোডের কারণে মিটারটি পুড়ে গিয়ে থাকতে পারে। তারপরও পুলিশ বিষয়টি তদন্ত করছে।