গুলশান থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…
দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করতে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে ফিলিপাইন ও অস্ট্রেলিয়া। রোববার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে যৌথ সামরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা কমবে বলে জানিয়েছে ম্যানিলা।
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো বলেন, নতুন এই চুক্তির মাধ্যমে দুই দেশের বিদ্যমান ‘ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ বা সফররত সেনাসদস্যদের মর্যাদা ও কার্যক্রমসংক্রান্ত চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া সহজ হবে। সামরিক সহযোগিতার ক্ষেত্রে সমন্বয় ও প্রশাসনিক অনুমোদনের ধাপ কমিয়ে আনা হবে।
চুক্তিকে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ হিসেবে উল্লেখ করে তেওদোরো বলেন, আগে একটি কাজ সম্পন্ন করতে যেখানে ১০০টি ধাপ পার হতে হতো, এখন সেখানে মাত্র ১০টি ধাপ লাগবে।
তিনি জানান, এই চুক্তির ফলে দুই দেশের নৌ, বিমান ও স্থলবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়বে। পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় যৌথ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। দক্ষিণ চীন সাগরসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে ফিলিপাইনের প্রতিরোধ সক্ষমতা জোরদার করতেও চুক্তিটি ভূমিকা রাখবে।
দক্ষিণ চীন সাগরে একাধিক দেশের সামুদ্রিক সীমানা ও মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। ফিলিপাইন অভিযোগ করে আসছে, ওই অঞ্চলে চীন আগ্রাসী আচরণ করছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সামরিক জোটের পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার নেটওয়ার্কও বাড়াচ্ছে ম্যানিলা।
অন্যদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের অবস্থানকে ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসছে অস্ট্রেলিয়া। ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালের দেওয়া এক রায়েও সমর্থন জানিয়েছিল দেশটি। ওই রায়ে দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ অংশের ওপর চীনের দাবির আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই বলে উল্লেখ করা হয়। তবে বেইজিং ওই রায় প্রত্যাখ্যান করে আসছে।
ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে তিনি বর্তমানে ম্যানিলায় রয়েছেন।
আলবানিজ বলেন, নতুন চুক্তির মাধ্যমে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, তথ্য বিনিময়, কৌশলগত সংলাপ, সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়বে। একই সঙ্গে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সমন্বয় ও যৌথভাবে কাজ করার সক্ষমতাও উন্নত হবে।
এ ছাড়া সমুদ্রসীমা পর্যবেক্ষণ সক্ষমতা বাড়াতে ড্রোন প্রযুক্তি, প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ খাতে অস্ট্রেলিয়ার অতিরিক্ত বিনিয়োগের ঘোষণা দেন আলবানিজ। এর মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত হুমকি শনাক্ত করার সক্ষমতা বাড়ানো হবে।
এদিকে, চুক্তি নিয়ে মন্তব্য জানতে চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেইজিং বরাবরই দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্মকাণ্ডকে বৈধ ও পেশাদার বলে দাবি করে আসছে। একই সঙ্গে মিত্রদেশগুলোর সঙ্গে ফিলিপাইনের যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করে চীন বলে, এসব কার্যক্রম ওই অঞ্চলে উত্তেজনা বাড়ায়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au