মারধর করে এক কর্মকর্তাকে নিয়ে যাচ্ছে ছাত্রদল ও ছাত্রশক্তি। ছবি : সংগৃহীত
ভাস্কর দত্ত :
রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হিন্দু কর্মকর্তাকে মারধর করা হয়েছে। একই ঘটনায় আরো তিন কর্মকর্তাকে হেনেস্তার পাশাপাশি একটি কক্ষে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক পরিচয় যাচাইয়ের নামে এমন হামলার ঘটনায় অন্য সংখ্যালঘু শিক্ষক-কর্মকর্তারা ক্যাম্পাসে অনেকটা অনিরাপদ বোধ করছেন বলে জানা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে কর্মকর্তাদের মারধর করেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।
মারধরের শিকার দুই হিন্দু কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল এবং অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল। অন্য তিন কর্মকর্তা হলেন জুনায়েদ হোসেন, নুরুল হুদা ও সাইদুর রহমান রনি।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তাঁদের ওপর হামলা চালানো হয়। পরে পাঁচ কর্মকর্তাকে টেনেহিঁচড়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের পুলিশে দেওয়ার দাবিও জানান হামলাকারীরা।
একই ঘটনায় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করা হয়। বিভাগের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পেয়ে সেটি বাইরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।
ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো সক্রিয় ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের আপস নেই। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ঘটনা বিচ্ছিন্ন কোনো উদ্বেগ নয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত কয়েক মাসে শিক্ষকদের হেনস্তা, আটকে রাখা, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং পদত্যাগে চাপ দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে।
গত ২ ফেব্রুয়ারি ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে হেনস্তা ও হয়রানির ঘটনা ঘটেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানকে টেনেহিঁচড়ে প্রক্টরের কার্যালয়ে নেওয়ার ঘটনাও প্রতিবেদনে উঠে আসে।
২০২৪ সালের ৩১ আগস্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জানিয়েছিল, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪৯ জন সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জন পরে স্বপদে ফিরেছিলেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের ২০২৫ সালের প্রতিবেদনে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন স্থানে হিন্দু শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার অভিযোগের কথাও উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় কখনো কখনো পরস্পরের সঙ্গে যুক্ত ছিল।
চলতি বছরের অক্টোবরেও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা ও জোরপূর্বক পদত্যাগের চাপ অব্যাহত থাকার খবর প্রকাশিত হয়েছে। ঢাকা ট্রিবিউনের ৮ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, শিক্ষক প্রতিনিধিদের একটি সংগঠন ২০২৪ সাল থেকে প্রায় ৪ হাজার ৫০০ শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে।
এমন পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হিন্দু কর্মকর্তার ওপর হামলা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষ করে রাজনৈতিক পরিচয়ের অভিযোগে যদি কোনো শিক্ষক বা কর্মকর্তাকে প্রকাশ্যে লাঞ্ছিত হতে হয়, তাহলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যেও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক পরিচয় কিংবা ধর্মীয় বিশ্বাসের কারণে যেন কোনো শিক্ষক, কর্মকর্তা বা শিক্ষার্থী হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি।