বিশ্ব

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান

  • 3:15 pm - November 17, 2026
  • পঠিত হয়েছে:১২ বার
ইমরান খান।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। একই সঙ্গে স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এক চিঠিতে ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তাঁর শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারবেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের আইনজীবী সালমান সাফদার তাঁর প্রকাশ করা চিঠিতে এসব তথ্য জানিয়েছেন। চিঠিতে ইমরান খান লিখেছেন, ‘৭৪ বছর বয়সে এভাবে টানা কারাবন্দি জীবন আমাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরতে পারব না।’

ইমরানের দাবি, চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তাঁর অনেক বেশি। তাঁর হৃদ্‌যন্ত্রও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কর্তৃপক্ষের দাবি, কারাগারে নিয়মিত চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করেন এবং তাঁর শারীরিক অবস্থা সন্তোষজনক।

স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানিয়েছেন ইমরান খান। তাঁর দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা সরে যায়। এরপর গোপনে তাঁর অস্ত্রোপচার করা হয়। আবার অস্ত্রোপচার না করালে বুশরা দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ইমরান খানের পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ সময়মতো চিকিৎসার ব্যবস্থা না করায় তাঁর ডান চোখের বেশির ভাগ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। গত এক বছরে তাঁর স্বাস্থ্য নিয়ে পরিবারের সদস্যদের উদ্বেগও বেড়েছে।

কারাগারে নিজের জীবনযাপন নিয়েও অভিযোগ করেছেন ইমরান খান। তাঁর দাবি, প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা তাঁকে একা একটি কক্ষে থাকতে হয়। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয় না। এমনকি বই পড়া বা টেলিভিশন দেখার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত রাখা হয়েছে। এতে তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক চাপ তৈরি হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। গত এক বছরে আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার দেখা করার সুযোগ পেয়েছেন বলেও দাবি করেছেন ইমরান।

বিচারব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি কখনো আইনি লড়াই থেকে সরে আসিনি। কিন্তু বিচারব্যবস্থা আমাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’

তবে ইমরান খানের এসব অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তাঁর দাবি, কারাগারে ইমরান খানকে খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি নিজের পছন্দের খাবারও পাচ্ছেন তিনি। সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেন, বর্তমানে পাকিস্তানের কারাগারে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া বন্দি হলেন ইমরান খান।

পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, চোখে ইনজেকশন দেওয়ার জন্য এক সপ্তাহ আগে ইমরান খানকে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিলেন।

ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১০০টির বেশি মামলা রয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। এর আগে একই বছরের মে মাসে তাঁকে গ্রেপ্তারের পর দেশজুড়ে তাঁর সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। লাহোরে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। ওই সহিংসতায় অন্তত আটজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। পরে গত বছর তাঁর স্ত্রী বুশরা বিবিকেও কারাগারে পাঠানো হয়।

ইমরান খানের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর ও স্ত্রীর বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তানের কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব রয়েছে। গত অক্টোবরের শুরুতে তাঁর মুক্তির দাবিতে হাজার হাজার সমর্থক কয়েক দিন ধরে পদযাত্রা করেন। পরে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। ইমরানের দল পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়।

এদিকে, গত কয়েক মাসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক কয়েকজন অধিনায়ক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, কারাবন্দি ইমরান খানকে যেন প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা দেওয়া হয়।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

গুলশান থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার…

দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। গত রোববার (১৫ নভেম্বর) ঘটে যাওয়া এ…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হিন্দু কর্মকর্তাকে বেধড়ক মারধর, ঝুঁকিতে অন্য সংখ্যালঘুরা

ভাস্কর দত্ত : রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হিন্দু কর্মকর্তাকে মারধর করা হয়েছে। একই ঘটনায় আরো তিন কর্মকর্তাকে হেনেস্তার পাশাপাশি একটি কক্ষে থাকা…

গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা কেন?

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে প্রায় দুই…

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি ছোড়া এবং মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক হত্যা,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au