বাংলাদেশ

গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা কেন?

  • 1:04 pm - November 17, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
সোমবার গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সকাল থেকে সাঁজোয়া যান নিয়ে জেলার বিভিন্ন এলাকায় টহল দেয় বিজিবি।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে প্রায় দুই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথও নিয়েছেন তাঁরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সরকার আপাতত অতিরিক্ত বল প্রয়োগের পথে যেতে চায় না। তবে পরিস্থিতির অবনতি হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের বিভিন্ন স্তরে পরিবর্তনের অংশ হিসেবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।

গত রোববারের ঘটনার পর গতকাল সোমবার গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সকাল থেকে সাঁজোয়া যান নিয়ে জেলার বিভিন্ন এলাকায় টহল দেয় বিজিবি। গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। শহরের দোকানপাট খুলেছে, রিকশা-ভ্যানসহ যানবাহন চলাচল করেছে। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে চলাচল করেছে। তবে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক পুরোপুরি কাটেনি।

এদিকে, গতকাল বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ায় পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

এরপর মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যায়। সেখানে সমাধিসৌধের তিনটি ফটক খুলে দিয়ে শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার শপথ নেন নেতাকর্মীরা। সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।

এদিকে, গোপালগঞ্জ সফরে গিয়ে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান জানান, রোববারের ঘটনার বিষয়ে এখনো মামলা হয়নি। তবে ওই রাতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সংখ্যা তিনি জানাননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় প্রায় দুই হাজার নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১০ প্লাটুন বিজিবি ছাড়াও এসআরবি, এপিবিএন ও আনসার সদস্য রয়েছেন। তাঁর দাবি, জেলার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল বিকেল পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্টের কার্যক্রমও চালু রাখা হয়েছে। অন্য জেলা থেকে কেউ এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।

আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ খোলার বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়। গতকাল টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। প্রশাসনের পরবর্তী স্তরের কর্মকর্তাদেরও বদলির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই শাখার আরও খবর

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। একই সঙ্গে স্ত্রী…

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার…

দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। গত রোববার (১৫ নভেম্বর) ঘটে যাওয়া এ…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হিন্দু কর্মকর্তাকে বেধড়ক মারধর, ঝুঁকিতে অন্য সংখ্যালঘুরা

ভাস্কর দত্ত : রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হিন্দু কর্মকর্তাকে মারধর করা হয়েছে। একই ঘটনায় আরো তিন কর্মকর্তাকে হেনেস্তার পাশাপাশি একটি কক্ষে থাকা…

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি ছোড়া এবং মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক হত্যা,…

চকরিয়ায় কয়লার আগুনে দুই সহোদরের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় কয়লার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই কোরআনের হাফেজ সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হলো আবদুল্লাহ (১৬) ও ওমর ফারুক (১৩)। রোববার (১৫ নভেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au