বাংলাদেশের রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। কূটনৈতিক দায়িত্ব ছেড়েছেন দুই বছরেরও বেশি সময় আগে। এখন তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা। কিন্তু সেই পরিচয়ে বাংলাদেশে তাঁর নিয়মিত যোগাযোগ, সরকারি পর্যায়ে সাক্ষাৎ এবং দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি খাতে তাঁর প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সর্বশেষ গত ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন পিটার হাস। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী এটিকে অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক আলোচনা হিসেবে বর্ণনা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে।
তবে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অত্যন্ত ঘটনাবহুল সময়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন, তাঁর সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের এমন সাক্ষাৎকে কেবল সাধারণ ব্যবসায়িক সৌজন্য হিসেবে দেখছেন না অনেক পর্যবেক্ষক। বিশেষ করে বাংলাদেশের নির্বাচন, রাজনৈতিক পরিবর্তন এবং জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থের সঙ্গে পিটার হাসের অতীত ও বর্তমান সংশ্লিষ্টতা বিবেচনায় তাঁর সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে।
নির্বাচন থেকে জুলাই গণ–অভ্যুত্থান, আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা
২০২২ সালের মার্চে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পিটার হাস। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে নির্বাচন, মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বাস্তবায়নে তিনি ছিলেন অন্যতম দৃশ্যমান কূটনৈতিক মুখ।
২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। নির্বাচনে অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে ওয়াশিংটন একাধিকবার বক্তব্য দেয়। ২০২৩ সালের মে মাসে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এই নীতির আওতায় নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।
সে সময় পিটার হাসের বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নাগরিক সমাজ ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ব্যাপক আলোচনার জন্ম দেয়। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তাঁর কূটনৈতিক তৎপরতার কিছু অংশকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনকেন্দ্রিক অবস্থানকে স্বাগত জানিয়েছিল।
২০২৪ সালের জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও ছিল স্পষ্ট। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এবং সব রাজনৈতিক দল এতে অংশ নেয়নি বলে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে হতাশা প্রকাশ করে। ফলে আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দূরত্ব আরও বাড়ে।
এরপর ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। একপর্যায়ে আন্দোলন সরকারবিরোধী গণ-আন্দোলনে রূপ নেয়। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়।

বাংলাদেশের জুলাই আন্দোলন। ছবিঃ সংগৃহীত
এই সময় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান, আওয়ামী লীগ সরকারের ওপর আন্তর্জাতিক চাপ এবং আন্দোলন ঘিরে ওয়াশিংটনের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক তৈরি হয়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগও সামনে আসে।
বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক স্বার্থ নিয়ে বিভিন্ন বক্তব্য ও দাবি আলোচনায় আসে। তবে যুক্তরাষ্ট্র এসব অভিযোগ প্রত্যাখ্যান করে। ২০২৪ সালের ১২ আগস্ট হোয়াইট হাউস জানায়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না। দেশটির পক্ষ থেকে এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলা হয়।
তবে, সরকার পতনের পর কক্সবাজারে এনসিপির শীর্ষ নেতাদের সাথে পিটার হাসের গোপণ বৈঠক সমালোচনার জন্ম দেয়।
রাষ্ট্রদূত থেকে জ্বালানি কোম্পানির উপদেষ্টা
পিটার হাসের বাংলাদেশে নতুন করে আগ্রহের পেছনে তাঁর বর্তমান পেশাগত পরিচয়ও গুরুত্বপূর্ণ। ৩৩ বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে কাজ করার পর ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর স্বেচ্ছায় অবসরে যান তিনি। এর কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি তাঁকে কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির ওয়াশিংটন ডিসি কার্যালয়ে তাঁর কাজ করার কথা জানানো হয়েছিল।
পিটার হাসের নিয়োগের সময় এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস বলেছিলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরে দীর্ঘ কর্মজীবনে হাস যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক ও বাণিজ্যিক স্বার্থের পক্ষে কাজ করেছেন। তাঁর কূটনৈতিক অভিজ্ঞতা এবং ভূরাজনীতি ও বাজার সম্পর্কে ধারণা কোম্পানির আন্তর্জাতিক কার্যক্রমে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
কোম্পানির প্রধান নির্বাহীর এই বক্তব্য পিটার হাসের নতুন দায়িত্বের গুরুত্ব বুঝতে বিশেষভাবে প্রাসঙ্গিক। কারণ, যে দেশে তিনি দীর্ঘদিন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন, সেই দেশের জ্বালানি খাতেই তাঁর বর্তমান প্রতিষ্ঠানের বড় ধরনের ব্যবসায়িক স্বার্থ রয়েছে।
এক্সিলারেট এনার্জি বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও সরবরাহ অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশীদার। কক্সবাজারের মহেশখালীতে প্রতিষ্ঠানটির ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) রয়েছে। এই টার্মিনালের মাধ্যমে জাতীয় গ্রিডে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়। ২০২৪ সালে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির টার্মিনাল দিয়ে দেশের আমদানি করা এলএনজির প্রায় ৫০ শতাংশ প্রক্রিয়াজাত করা হতো।
এ ছাড়া বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, এলএনজি আমদানি এবং ভবিষ্যৎ সরবরাহ চুক্তির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির ব্যবসায়িক স্বার্থ রয়েছে। ফলে বাংলাদেশের জ্বালানি নীতি, আমদানি চুক্তি এবং অবকাঠামোগত প্রকল্পের সঙ্গে এক্সিলারেট এনার্জির সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পিটার হাসের সফরের পেছনে কি জ্বালানি ব্যবসা?
বাংলাদেশের সঙ্গে এক্সিলারেট এনার্জির ব্যবসায়িক সম্পর্ক নতুন নয়। ২০২৪ সালের অক্টোবরেই প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে এসেছিলেন পিটার হাস। সে সময় মহেশখালীতে দ্বিতীয় এলএনজি পুনঃগ্যাসীকরণ টার্মিনাল নির্মাণের বিষয়ে আলোচনা চলছিল। তবে অন্তর্বর্তী সরকার পরবর্তী সময়ে এক্সিলারেট এনার্জির সঙ্গে দ্বিতীয় টার্মিনাল নির্মাণের চুক্তি না করার সিদ্ধান্ত নেয়।
বর্তমানে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে যুক্ত করার উদ্যোগও বাংলাদেশের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সিলারেট এনার্জির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানেরও বাংলাদেশের জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক আগ্রহ রয়েছে।
এমন পরিস্থিতিতে পিটার হাসের মতো একজন সাবেক রাষ্ট্রদূতের কূটনৈতিক অভিজ্ঞতা ও বাংলাদেশ সম্পর্কে দীর্ঘদিনের ধারণা কোম্পানিটির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে। বাংলাদেশের প্রশাসন, নীতিনির্ধারক, ব্যবসায়ী মহল এবং জ্বালানি খাতের সঙ্গে তাঁর পূর্বপরিচিতি রয়েছে। ফলে তাঁর বর্তমান ভূমিকা কেবল একজন সাধারণ করপোরেট উপদেষ্টার দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ কি না, তা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।
তাঁর অতীত কূটনৈতিক পরিচয় এবং বর্তমান করপোরেট দায়িত্বের কারণে বিষয়টি স্বচ্ছতার সঙ্গে পর্যবেক্ষণ করা জরুরি।
রাষ্ট্রদূত নেই, তবু বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ কেন?
পিটার হাসের সাম্প্রতিক ঢাকা সফরের সবচেয়ে আলোচিত দিক হলো, তিনি এখন আর মার্কিন সরকারের প্রতিনিধি নন। তাঁর সফর কোনো সরকারি কূটনৈতিক মিশনের অংশ বলেও জানানো হয়নি। তা সত্ত্বেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অবশ্য জানিয়েছেন, তাঁদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, শেখ হাসিনার প্রত্যর্পণ কিংবা দণ্ডিত আসামিদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। ছবিঃ সংগৃহীত
এখানেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। একজন বেসরকারি প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে পিটার হাস বাংলাদেশের সরকারি পর্যায়ে কী ধরনের যোগাযোগ রাখছেন, তাঁর সফরের আলোচ্যসূচিতে ঠিক কী থাকছে এবং এসব যোগাযোগের সঙ্গে এক্সিলারেট এনার্জির ব্যবসায়িক স্বার্থের সম্পর্ক কতটুকু, তা পরিষ্কার হওয়া প্রয়োজন।
বিশেষ করে বাংলাদেশ যখন নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় নিজেদের পররাষ্ট্রনীতি ও জ্বালানি কৌশল পুনর্গঠনের চেষ্টা করছে, তখন বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরকারি পর্যায়ের যোগাযোগে স্বচ্ছতা থাকা গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন
বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কের যে টানাপোড়েন ছিল, সরকার পরিবর্তনের পর সেই সম্পর্কের ক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি হয়।
যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, চীন-ভারত প্রতিযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো খাতেও যুক্তরাষ্ট্রের বড় ধরনের অর্থনৈতিক স্বার্থ রয়েছে।
কুটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। পিটার হাসের মতো সাবেক কূটনীতিকেরা যখন সরকারি দায়িত্ব ছাড়ার পর একই দেশে ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে ফিরে আসেন, তখন তাঁদের কর্মকাণ্ডের ওপর জনসাধারণের আগ্রহ তৈরি হওয়াই স্বাভাবিক।
বাংলাদেশের জন্য মূল প্রশ্নটি হওয়া উচিত, এসব যোগাযোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে। কোনো বিদেশি কোম্পানি যেন সাবেক কূটনীতিকের ব্যক্তিগত যোগাযোগ বা প্রভাব কাজে লাগিয়ে প্রতিযোগিতায় বাড়তি সুবিধা না পায়, সেটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।‘
বাংলাদেশের পিছু ছাড়ছেন না কেন পিটার হাস?
২০২৪ সালের নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে পিটার হাস ছিলেন আলোচিত ও বিতর্কিত একটি নাম। আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল টানাপোড়েনপূর্ণ। নির্বাচন, মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে তাঁর অবস্থান নিয়ে রাজনৈতিক বিতর্ক হয়েছে। জুলাই আন্দোলনের সময় যুক্তরাষ্ট্রের অবস্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের পর ওয়াশিংটনের ভূমিকা নিয়েও বিতর্ক এখনো শেষ হয়নি।
এখন তিনি সেই কূটনৈতিক দায়িত্বে নেই। কিন্তু বাংলাদেশের সঙ্গে তাঁর যোগাযোগও শেষ হয়নি। বরং নতুন পরিচয়ে তিনি আবারও সরকারি পর্যায়ে যোগাযোগ করছেন। একদিকে তাঁর প্রতিষ্ঠানের জ্বালানি খাতে বড় ব্যবসায়িক স্বার্থ, অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, সব মিলিয়ে তাঁর সফরকে ঘিরে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।
পিটার হাসের বাংলাদেশ সফরের প্রকৃত উদ্দেশ্য কী, সেটি তাঁর নিজের বক্তব্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের স্বচ্ছতার মাধ্যমেই পরিষ্কার হওয়া সম্ভব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠককে অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক আলোচনা বলেছেন। কিন্তু বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
বাংলাদেশের মানুষ জানতে চাইতেই পারে, সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত কি শুধুই নিজের প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ দেখভাল করতে বাংলাদেশে আসছেন, নাকি এর বাইরেও কোনো কৌশলগত যোগাযোগ রয়েছে? তাঁর সফরের সঙ্গে বাংলাদেশের জ্বালানি নীতি, আন্তর্জাতিক সম্পর্ক কিংবা রাজনৈতিক সমীকরণের কোনো যোগসূত্র আছে কি না, সেটিও আলোচনার বিষয়।