বেলজিয়াম জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ছবি: সংগৃহীত
বেলজিয়াম জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। এর মধ্য দিয়ে বেলজিয়ামের জার্সিতে তাঁর দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।
বিদায়বার্তায় জাতীয় দলের হয়ে কাটানো সময়ের স্মৃতিচারণ করেছেন বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে খেলা লুকাকু। তিনি লেখেন, ‘১৬ বছর। এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমার যা কিছু ছিল, সবই উজাড় করে দিয়েছি। এই সময়ে সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়ে আমি গিয়েছি।’
দীর্ঘ এই পথচলায় সতীর্থ, কোচ ও সমর্থকদের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।
লুকাকু লেখেন, ‘আমি অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব। তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাকে সাহস জোগানো এবং দলের জন্য আমার ওপর আস্থা রাখার জন্য সব কোচকেও ধন্যবাদ। এটি ছিল চমৎকার একটি যাত্রা এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’
বেলজিয়ামের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা ফরোয়ার্ড। দেশের হয়ে চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়াকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
লুকাকু বলেন, ‘আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য বেলজিয়ামের ভক্তদের ধন্যবাদ। চারটি বিশ্বকাপ এবং তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলো কখনোই ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি মানসিকভাবে শান্তিতে আছি। সময়টা ছিল অসাধারণ ও উপভোগ্য। আমি কৃতজ্ঞ।’
২০১০ সালে বেলজিয়াম জাতীয় দলে অভিষেকের পর থেকেই দলের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন লুকাকু। দীর্ঘ সময় ধরে গোল করার ধারাবাহিকতায় জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেন তিনি।
জাতীয় দলের হয়ে ১৩৪টি ম্যাচ খেলেছেন লুকাকু। এসব ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯৫। পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৬টি গোল করিয়েছেন তিনি।
বেলজিয়ামের হয়ে একাধিক বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন এই স্ট্রাইকার। এবার জাতীয় দলের অধ্যায় শেষ করে ক্লাব ফুটবলে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।