অভিযুক্ত রায়হান (বাঁয়ে) ও গুলিতে ভেঙে যাওয়া জানালার গ্লাস (ডানে)। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি ছোড়া এবং মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলার আসামি মোহাম্মদ রায়হানের বিরুদ্ধে। গুলির ঘটনার পর ভুক্তভোগীকে ফোন করে তিনি বলেন, ‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব।’ একই সঙ্গে কাফনের কাপড় কিনে রাখার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় জাফর আহমদ নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়। তবে ঘটনার সময় ওই কক্ষে জাফর আহমদ ও তাঁর পরিবারের সদস্যরা না থাকায় কেউ হতাহত হননি।
জাফর আহমদ সাংবাদিকদের জানান, প্রায় ১০ মাস আগে মোহাম্মদ রায়হান তাঁকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। বিষয়টি পুলিশকে জানানোর পর দীর্ঘদিন আর কোনো হুমকি পাননি। তবে গত বুধবার আবারও ফোন করে চাঁদা দাবি করেন রায়হান।
জাফর আহমদের অভিযোগ, চাঁদার টাকা না দেওয়ায় রায়হানের সহযোগীরা তাঁর বাড়ির একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনার পর আবারও ফোন করে তাঁকে হুমকি দেওয়া হয়। এ সময় বলা হয়, ‘টাকা দিসনি তো; আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে বাড়িটিতে গুলি ছুড়ে চলে যায়। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিক জাফর আহমদকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মোহাম্মদ রায়হানের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। চাঁদা না পেলে সহযোগীদের দিয়ে গুলি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।