গুলশান থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের অচলাবস্থা কাটছে না। এর মধ্যে চলতি বছরের ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে দুই দেশের ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির। রাজনৈতিক বিরোধের প্রভাব এবার গুরুত্বপূর্ণ এই পানিচুক্তির নবায়ন বা পুনরায় আলোচনার ক্ষেত্রেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের আগস্টে ভারতঘনিষ্ঠ হিসেবে পরিচিত শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়েও দুই দেশের সম্পর্কে অস্বস্তি বজায় ছিল। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
দুই দেশের সম্পর্কে অস্বস্তির অন্যতম প্রধান কারণ শেখ হাসিনার প্রত্যর্পণ। ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন। ওই রায় কার্যকরের জন্য ভারত থেকে হাসিনাকে দেশে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। তবে আইনি জটিলতার কথা উল্লেখ করে তাঁকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে নয়াদিল্লি।
অযাচাইকৃত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চায় বাংলাদেশ যেন হাসিনাকে আইনি সহায়তা নিয়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দেয়। অনুপস্থিতিতে অনুষ্ঠিত বিচার চলাকালে তিনি আইনি সহায়তা পাননি বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও ভারতের বিবেচনায় রয়েছে বলে এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে হাসিনার বিচার ও দণ্ডাদেশের বিষয়ে অবস্থান পরিবর্তনে আগ্রহী নয় ঢাকা। বিশেষ করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতো বিরোধী দলগুলো হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। দল দুটির নেতারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও ভারতের ঘনিষ্ঠ শক্তি হিসেবে সমালোচনা করে আসছেন।
হাসিনার প্রত্যর্পণ ছাড়াও ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির পেছনে বেশ কিছু বিষয় রয়েছে। বাংলাদেশিদের অভিযোগ, ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা প্রায়ই দাবি করেন, বিপুলসংখ্যক বাংলাদেশি মুসলমান অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং দেশটির সীমান্তবর্তী কয়েকটি রাজ্যের জনসংখ্যার ভারসাম্যে পরিবর্তন ঘটাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগও তুলে ধরছেন ভারতীয় রাজনীতিকেরা।
অন্যদিকে বাংলাদেশের অভিযোগ, অবৈধ অভিবাসনের বিষয়টি ভারত রাজনৈতিক ও নির্বাচনী স্বার্থে ব্যবহার করছে। সীমান্ত দিয়ে বাংলা ভাষাভাষী ভারতীয় মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগও রয়েছে ঢাকার।
এ ছাড়া পাকিস্তান, চীন ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়াকেও ভালোভাবে দেখছে না ভারত। ভারতের অভিযোগ, বাংলাদেশ পরিকল্পিতভাবে ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে। এমনকি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের একমাত্র স্থলযোগাযোগের পথ শিলিগুড়ি করিডর বিচ্ছিন্ন করার সামরিক পরিকল্পনা নিয়েও অভিযোগ রয়েছে।
অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বাণিজ্যপথ ব্যবহারে বিধিনিষেধ আরোপের সমালোচনা করা হচ্ছে। ঢাকার দাবি, এসব বিধিনিষেধ নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও বাণিজ্যে বাধা সৃষ্টি করছে।
দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ভারতের আনুষ্ঠানিক আমন্ত্রণ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো ভারত সফর করেননি। বরং তিনি ভারতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত চীন ও তুরস্ক সফর করেছেন।
এদিকে কয়েক মাস আগে শেখ হাসিনা ঘোষণা দেন, ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরে আসবেন এবং পরিণতি মোকাবিলা করবেন। এ বিষয়ে ভারত ইতিবাচক মনোভাব দেখালেও তাঁকে দেশে ফেরানোর জন্য ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পরিবহনের ব্যবস্থা করতে ঢাকার সহযোগিতা চেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশ জানিয়েছে, তাঁকে অপরাধী হিসেবে প্রত্যর্পণ করতে হবে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি বৈঠকের মাধ্যমে দুই দেশের বিরোধ মীমাংসার চেষ্টা করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে সেই উদ্যোগ এখনো সফল হয়নি।
হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার মধ্যেই সামনে এসেছে আরও গুরুত্বপূর্ণ একটি দ্বিপক্ষীয় ইস্যু। সেটি হলো গঙ্গার পানি বণ্টন চুক্তি (জিডব্লিউটি)। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের কোটি কোটি মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির সঙ্গে যুক্ত এই চুক্তি নবায়ন কিংবা পুনরায় আলোচনার বিষয়টি এখন দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জলবায়ু পরিবর্তন, পশ্চিমবঙ্গ ও বিহারের পানির ক্রমবর্ধমান চাহিদা এবং বাংলাদেশের শুষ্ক মৌসুমের পানিসংকট চুক্তিটিকে আরও জটিল করে তুলেছে। ফলে দুই দেশ এমন একটি নতুন পানি বণ্টন কাঠামো তৈরি করতে পারবে কি না, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি উভয় দেশের সব অংশীজনের স্বার্থ রক্ষা করবে, সেটিই এখন বড় প্রশ্ন।
কলকাতা বন্দরের নাব্যতা ও পানিপ্রবাহ বজায় রাখতে গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করার উদ্যোগ নেয় ভারত। এ জন্য ফারাক্কায় ব্যারাজ নির্মাণ করে গঙ্গার পানির একটি অংশ সরিয়ে নেওয়া হয়।
বাংলাদেশের অভিযোগ ছিল, এর ফলে শুষ্ক মৌসুমে ভাটিতে গঙ্গার পানিপ্রবাহ কমে যায় এবং বাংলাদেশের পদ্মা নদীতে পানির পরিমাণ হ্রাস পায়। এ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
১৯৭৬ সালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত করার অভিযোগ তোলা হয় ভারতের বিরুদ্ধে।
এরপর দুই দেশের মধ্যে কয়েক দফা অস্থায়ী পানি বণ্টন ব্যবস্থা চালু হয়। শেষ পর্যন্ত ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে গঙ্গার পানি বণ্টন চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটির মেয়াদ নির্ধারণ করা হয় ৩০ বছর।
এই চুক্তির আওতায় প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহের ভিত্তিতে দুই দেশের মধ্যে পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করা হয়।
চুক্তি অনুযায়ী, ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে ভারত ও বাংলাদেশ সমান ৫০ শতাংশ করে পানি পাবে। পানিপ্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পাবে ভারত। আর পানিপ্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক। সবচেয়ে কম পানিপ্রবাহের সময়ে দুই দেশকে ৩৫ হাজার কিউসেক করে পানি দেওয়ার বিধানও রয়েছে।
তবে ১৯৯৬ সালের চুক্তিটি ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সময়ের পানিপ্রবাহসংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। তিন দশক পর সেই তথ্য ও বাস্তবতার মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে অনিয়ম, দীর্ঘস্থায়ী খরা এবং আকস্মিক বন্যার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি, কৃষি ও শিল্প খাতে পানির চাহিদা বেড়েছে। ফলে আগের চুক্তির ভিত্তি হিসেবে ব্যবহৃত পানিবৈজ্ঞানিক তথ্য ও অনুমান অনেকটাই পুরোনো হয়ে গেছে।
বাংলাদেশ আরও পূর্বানুমানযোগ্য পানি বণ্টন ব্যবস্থা চায়। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৪০ হাজার কিউসেক পানি পাওয়ার দাবি জানিয়ে আসছে ঢাকা। পাশাপাশি বন্যার তথ্য আদান-প্রদান জোরদার এবং দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা কাঠামো তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
গঙ্গার পানি বণ্টন চুক্তি বাংলাদেশের জন্য দ্বিপক্ষীয় বিষয় হলেও ভারতের ক্ষেত্রে এটি অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার সঙ্গে যুক্ত। দেশটির পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের পানির চাহিদা এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পশ্চিমবঙ্গের দাবি, কলকাতা বন্দরের কার্যক্রম সচল রাখতে সারা বছর পর্যাপ্ত পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। অন্যদিকে বিহারের অভিযোগ, ফারাক্কা ব্যারাজে পানি আটকে রাখার ফলে গঙ্গায় পলি জমার প্রবণতা বাড়ছে। এতে রাজ্যটির পানীয় জল, সেচ ও উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ কারণে বিহার সরকার কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন না করার আহ্বান জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে রাজনৈতিক সমীকরণের কারণে। বিহার ও পশ্চিমবঙ্গ, উভয় রাজ্যেই বিজেপি সরকার রয়েছে। ফলে কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষে দলীয় সরকারের নেতৃত্বাধীন রাজ্যগুলোর দাবি উপেক্ষা করা কঠিন হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শুধু ফারাক্কা ব্যারাজ কিংবা কলকাতা, বিহার ও বাংলাদেশের পানির চাহিদাকে কেন্দ্র করে আলোচনা সীমাবদ্ধ রাখলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য পুরো গঙ্গা অববাহিকাকে বিবেচনায় নিয়ে নতুন ও স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়ন প্রয়োজন।
ভারত শুষ্ক মৌসুমে পানির বরাদ্দের ক্ষেত্রে আরও নমনীয়তা এবং পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদার স্বীকৃতি চাইতে পারে। অন্যদিকে বাংলাদেশ নির্দিষ্ট পরিমাণ ন্যূনতম পানিপ্রবাহ নিশ্চিত করা, শুষ্ক মৌসুমে বেশি পানি পাওয়া এবং পানিপ্রবাহ ও বন্যাসংক্রান্ত তথ্য বিনিময়ের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিতে পারে।
১৯৯৬ সালের চুক্তির মূল প্রশ্ন ছিল, ফারাক্কায় থাকা পানি কীভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে ভাগ করা হবে। কিন্তু নতুন চুক্তিতে পুরো গঙ্গা অববাহিকায় কীভাবে পানির উৎপাদন, সংরক্ষণ ও সুষম বণ্টন নিশ্চিত করা যায়, সেটিই প্রধান বিবেচ্য হয়ে উঠতে পারে।
এ ক্ষেত্রে পানি সংরক্ষণ, নদী পুনরুদ্ধার, পলি ব্যবস্থাপনা, বন্যার পূর্বাভাস, তথ্য বিনিময় এবং অববাহিকাভিত্তিক সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন চুক্তিটি হওয়া উচিত বৈজ্ঞানিক তথ্যনির্ভর, বাস্তবসম্মত, যুক্তিসংগত এবং প্রয়োজনে আরও নমনীয়। পাশাপাশি আগের মতো ৩০ বছরের পরিবর্তে স্বল্পমেয়াদি চুক্তি করা হলে নির্দিষ্ট সময় পরপর পানির বরাদ্দ ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনার সুযোগ থাকবে।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) এবং বিদ্যমান চুক্তির যৌথ কমিটির মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে কলকাতায় অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের বৈঠক ছিল ডিসেম্বরের সময়সীমার আগে সর্বশেষ বড় পর্যায়ের আলোচনা। তবে ওই বৈঠকে কোনো আনুষ্ঠানিক অগ্রগতির ঘোষণা আসেনি।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও পরিস্থিতিকে এখনই সংকট হিসেবে দেখার প্রয়োজন নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, দুই দেশ আন্তরিকভাবে আলোচনায় বসলে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পানি বণ্টন কাঠামো তৈরি করা সম্ভব।
তবে তার আগে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের বর্তমান বৈরী পরিবেশ কাটিয়ে ওঠা জরুরি। শেখ হাসিনার প্রত্যর্পণসহ অন্যান্য বিরোধ যদি গঙ্গার পানি বণ্টন আলোচনাকে প্রভাবিত করতে থাকে, তাহলে গুরুত্বপূর্ণ এই চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au