খেলা

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন রোমেলু লুকাকু

  • 10:05 pm - November 16, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
বেলজিয়াম জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ছবি: সংগৃহীত

বেলজিয়াম জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। এর মধ্য দিয়ে বেলজিয়ামের জার্সিতে তাঁর দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

বিদায়বার্তায় জাতীয় দলের হয়ে কাটানো সময়ের স্মৃতিচারণ করেছেন বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে খেলা লুকাকু। তিনি লেখেন, ‘১৬ বছর। এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমার যা কিছু ছিল, সবই উজাড় করে দিয়েছি। এই সময়ে সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়ে আমি গিয়েছি।’

দীর্ঘ এই পথচলায় সতীর্থ, কোচ ও সমর্থকদের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।

লুকাকু লেখেন, ‘আমি অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব। তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাকে সাহস জোগানো এবং দলের জন্য আমার ওপর আস্থা রাখার জন্য সব কোচকেও ধন্যবাদ। এটি ছিল চমৎকার একটি যাত্রা এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

বেলজিয়ামের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা ফরোয়ার্ড। দেশের হয়ে চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়াকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

লুকাকু বলেন, ‘আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য বেলজিয়ামের ভক্তদের ধন্যবাদ। চারটি বিশ্বকাপ এবং তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলো কখনোই ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি মানসিকভাবে শান্তিতে আছি। সময়টা ছিল অসাধারণ ও উপভোগ্য। আমি কৃতজ্ঞ।’

২০১০ সালে বেলজিয়াম জাতীয় দলে অভিষেকের পর থেকেই দলের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন লুকাকু। দীর্ঘ সময় ধরে গোল করার ধারাবাহিকতায় জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেন তিনি।

জাতীয় দলের হয়ে ১৩৪টি ম্যাচ খেলেছেন লুকাকু। এসব ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯৫। পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৬টি গোল করিয়েছেন তিনি।

বেলজিয়ামের হয়ে একাধিক বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন এই স্ট্রাইকার। এবার জাতীয় দলের অধ্যায় শেষ করে ক্লাব ফুটবলে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

এই শাখার আরও খবর

গুলশান থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। একই সঙ্গে স্ত্রী…

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার…

দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। গত রোববার (১৫ নভেম্বর) ঘটে যাওয়া এ…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হিন্দু কর্মকর্তাকে বেধড়ক মারধর, ঝুঁকিতে অন্য সংখ্যালঘুরা

ভাস্কর দত্ত : রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হিন্দু কর্মকর্তাকে মারধর করা হয়েছে। একই ঘটনায় আরো তিন কর্মকর্তাকে হেনেস্তার পাশাপাশি একটি কক্ষে থাকা…

গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা কেন?

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে প্রায় দুই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au