গুলশান থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…
রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রামে অবস্থিত ঐতিহাসিক ইটাকুমারী রাজবাড়ি। একসময় জমিদারি শাসন, শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এই জনপদ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমূলক রাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে ১৭৮৩ সালের ঐতিহাসিক রংপুর কৃষক বিদ্রোহের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে এই রাজবাড়ির ইতিহাস। অথচ দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে ঐতিহাসিক স্থাপনাটি এখন দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
রাজবাড়ির বিভিন্ন অংশের দেয়াল ইতোমধ্যে ধসে পড়েছে। ভবনের আশপাশ ও ভেতরের বেশ কিছু জায়গা আগাছা ও গাছপালায় ঢেকে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার অভাবে দুর্বৃত্তরা রাজবাড়ির পুরোনো ভবন থেকে ইট খুলে নিয়ে যাচ্ছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পাহারার ব্যবস্থা না থাকায় অবশিষ্ট স্থাপনাগুলোও যেকোনো সময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
এ অবস্থায় ঐতিহাসিক রাজবাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে দ্রুত সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রংপুর জেলা প্রশাসনের পর্যটনবিষয়ক ওয়েবসাইটেও ইটাকুমারী রাজবাড়িকে জেলার দর্শনীয় স্থানগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাজবাড়িটির ঐতিহাসিক গুরুত্ব মূলত ১৭৮৩ সালের রংপুর কৃষক বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে অতিরিক্ত রাজস্ব আদায় ও কৃষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে এ অঞ্চলে যে প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছিল, তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ইটাকুমারী।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিযুক্ত রাজস্ব আদায়কারী দেবী সিংয়ের অত্যাচার, অতিরিক্ত খাজনা আদায় এবং কৃষকদের ওপর শোষণ–নির্যাতনের বিরুদ্ধে তৎকালীন জমিদার ও কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ইটাকুমারীর জমিদার রাজা শিবচন্দ্র রায় এই শোষণমূলক রাজস্ব ব্যবস্থার বিরোধিতা করেছিলেন। এ কারণে তাঁকে রংপুরের লালকুঠিতে বন্দি করা হয় বলে জানা যায়।
কারামুক্ত হওয়ার পর তিনি জমিদার ও কৃষকদের সংগঠিত করে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখেন বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। এই আন্দোলনের সঙ্গে মথুরার জমিদার জয়দুর্গা দেবী, যিনি দেবী চৌধুরাণী নামে পরিচিত, এবং কৃষকনেতা নূরলদীনের নামও বিশেষভাবে জড়িয়ে রয়েছে।
পরবর্তী সময়ে কৃষকদের এই প্রতিরোধ আন্দোলন সশস্ত্র সংঘর্ষে রূপ নেয়। এতে বহু মানুষের প্রাণহানি ঘটে। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, নিহতদের মধ্যে জমিদার রাজা শিবচন্দ্র রায়ও ছিলেন। ফলে ইটাকুমারী রাজবাড়ি কেবল একটি জমিদারবাড়ি নয়, বরং বাংলার কৃষক আন্দোলন ও ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক।

একসময় ইটাকুমারী ছিল শিক্ষা ও সংস্কৃতিচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ছবিঃ ডেইলি স্টার
তবে রাজবাড়িটির পরিচিতি শুধু জমিদারি শাসন কিংবা কৃষক বিদ্রোহের ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একসময় ইটাকুমারী ছিল শিক্ষা ও সংস্কৃতিচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থানীয় ৮৫ বছর বয়সী বাসিন্দা সুপেন চন্দ্র সেন বলেন, ঐতিহাসিক বিবরণে ইটাকুমারীকে শিক্ষা ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি একে ‘দ্বিতীয় নবদ্বীপ’ হিসেবেও অভিহিত করা হতো।
জমিদার রাজা শিবচন্দ্র রায়ের স্মৃতি ধরে রাখতে পরবর্তী সময়ে প্রতিষ্ঠা করা হয় ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজ। এ ছাড়া শিবচন্দ্র উচ্চবিদ্যালয় এখনো স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
সুপেন চন্দ্র সেন বলেন, জমিদারি আমলে ইটাকুমারীতে শিক্ষা ও সংস্কৃতির চর্চা কতটা বিস্তৃত ছিল, সে বিষয়ে বিস্তারিত গবেষণা প্রয়োজন। ওই সময়ে এখানে যেসব পণ্ডিত, শিক্ষাবিদ ও জ্ঞানী ব্যক্তির অবদান ছিল, তাঁদের পরিচয় এবং কর্মকাণ্ডও প্রামাণ্য দলিলের ভিত্তিতে তুলে ধরা জরুরি।
তিনি বলেন, জমিদারি আমলের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রকৃত ইতিহাস জানতে হলে ব্যাপক গবেষণা এবং ঐতিহাসিক নথিপত্রের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ইতিহাস প্রণয়ন করতে হবে।
রাজবাড়ির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৭৮ বছর বয়সী স্থানীয় বাসিন্দা নারায়ণ চন্দ্র রায়। তাঁর ভাষ্য, একসময় রাজবাড়ির বিস্তৃত চত্বরজুড়ে বেশ কয়েকটি ভবন ও মন্দির ছিল। সেখানে নিয়মিত কৃষ্ণ, দুর্গা ও শিবের পূজার আয়োজন করা হতো।
তিনি বলেন, রাজবাড়ির ভেতরে থাকা মন্দিরগুলোর সবই ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সেগুলোর কোনো চিহ্নও অবশিষ্ট নেই। একইভাবে রাজবাড়ির অনেক ভবনও ধসে পড়েছে। এখন মাত্র দুই থেকে তিনটি ভবন টিকে থাকলেও সেগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক।

রাজবাড়ির ভেতরে থাকা মন্দিরগুলোর সবই ধ্বংস হয়ে গেছে। ছবিঃ ডেইলি স্টার
নারায়ণ চন্দ্র রায় বলেন, ‘এগুলোও যদি হারিয়ে যায়, তাহলে ধীরে ধীরে ইটাকুমারী রাজবাড়ির ইতিহাসও মুছে যাবে।’
স্থানীয় শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম হাক্কানী রাজবাড়িটি সংরক্ষণের আগে প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, রাজবাড়ির বয়স, নির্মাণশৈলী, স্থাপত্যের বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণে বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত জরিপ করা প্রয়োজন।
তিনি বলেন, প্রত্নতাত্ত্বিক জরিপের মাধ্যমে স্থাপনাটির প্রকৃত ইতিহাস ও গুরুত্ব নির্ধারণের পর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সংরক্ষণ ও সংস্কারকাজ শুরু করা উচিত। পাশাপাশি রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে সেখানে একটি জাদুঘর অথবা তথ্যকেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছেন তিনি।
এ ধরনের জাদুঘর বা তথ্যকেন্দ্রে রাজা শিবচন্দ্র রায়, দেবী চৌধুরাণী ও কৃষকনেতা নূরলদীনের অবদানসহ রংপুর কৃষক বিদ্রোহের ইতিহাস সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা যেতে পারে। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য নিরাপত্তা, যাতায়াত ও প্রয়োজনীয় সুযোগ–সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন এই শিক্ষাবিদ।
এ বিষয়ে রংপুর বিভাগীয় প্রত্নতত্ত্ব কার্যালয়ের মাঠ কর্মকর্তা আবু সাঈদ এনাম তানভীরুল বলেন, তাঁরা কয়েকবার ঐতিহাসিক ইটাকুমারী রাজবাড়ি পরিদর্শন করেছেন। স্থাপনাটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণের আওতায় আনার প্রস্তুতিও চলছে।
তিনি বলেন, রাজবাড়িটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাঁরা প্রস্তুত রয়েছেন। জেলা প্রশাসনের মতামত পাওয়ার পর এ বিষয়ে প্রকল্পের কাজ শুরু করা হবে। তবে দীর্ঘদিনের অবহেলায় রাজবাড়ির অনেক পুরোনো স্থাপনা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে অবশিষ্ট স্থাপনাগুলোও হারিয়ে যেতে পারে। তাঁদের মতে, ইটাকুমারী রাজবাড়ি শুধু পীরগাছা কিংবা রংপুরের সম্পদ নয়, এটি বাংলার কৃষক আন্দোলন, জমিদারি শাসন, শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। তাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে দ্রুত জরিপ, সীমানা নির্ধারণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংরক্ষণকাজ শুরু করা জরুরি।
দীর্ঘদিনের অবহেলায় একটি ঐতিহাসিক জনপদের স্মৃতি যেভাবে হারিয়ে যাচ্ছে, তা ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। তাঁদের প্রত্যাশা, যথাযথ সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে ইটাকুমারী রাজবাড়ি আবারও দেশের ইতিহাস ও ঐতিহ্যচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি ফিরে পাবে।
সূত্রঃ দ্য ডেইলি স্টার
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au