বিশ্ব

এপেক সম্মেলনে বিশ্বনেতাদের আগমন, শেনজেনে কড়া বিধিনিষেধ

  • 5:03 pm - November 17, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
বিশ্বনেতাদের স্বাগত জানাতে চীনের প্রযুক্তিনগরী শেনজেনে চলছে ব্যাপক প্রস্তুতি।

বিশ্বনেতাদের স্বাগত জানাতে চীনের প্রযুক্তিনগরী শেনজেনে চলছে ব্যাপক প্রস্তুতি। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের সম্মেলন ঘিরে শহরজুড়ে জারি করা হয়েছে নানা বিধিনিষেধ। গাড়ির হর্ন বাজানো বন্ধ, পণ্য সরবরাহকারী ড্রোনের চলাচল সাময়িক স্থগিত এবং ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ব্যবস্থার ফলে শহরের স্বাভাবিক জীবনযাত্রায়ও প্রভাব পড়েছে।

 সম্মেলনে যোগ দিতে শেনজেনে আসার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ প্রায় ২০ জন বিশ্বনেতার। এই সম্মেলনকে নিজেদের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও নগর ব্যবস্থাপনার সাফল্য তুলে ধরার সুযোগ হিসেবে দেখছে চীনের কর্তৃপক্ষ।

একসময় কৃষিনির্ভর ও তুলনামূলক পিছিয়ে থাকা এলাকা হিসেবে পরিচিত শেনজেন বর্তমানে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তিনগরী। সম্মেলনের আয়োজকেরা শহরের আধুনিক অবকাঠামোর পাশাপাশি পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার চিত্রও অতিথিদের সামনে তুলে ধরতে চান। এ জন্য শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল, শব্দ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্মেলন উপলক্ষে ১৫ লাখের বেশি গাড়ির মালিক ব্যক্তিগত গাড়ি সড়কে না নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এর বিনিময়ে তাঁদের দেওয়া হচ্ছে এপেকের বিশেষ স্টিকার। প্রতিশ্রুতি অনুযায়ী গাড়ি ব্যবহার না করলে সর্বোচ্চ ১০০ ইউয়ান বা প্রায় ১৫ ডলারের যাতায়াত কার্ডও পাওয়ার সুযোগ রয়েছে।

শেনজেন ট্রাফিক পুলিশ জানিয়েছে, মঙ্গলবার থেকে দিনের বেলায় শহরের বেশির ভাগ এলাকায় বাইরের নম্বরপ্লেটের গাড়ি চলাচল করতে পারবে না। কিছু এলাকায় বৈদ্যুতিক সাইকেল চালকদেরও সাইকেল থেকে নেমে হেঁটে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম মেনে চললে বিমার খরচে ছাড় পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি প্রধান সড়কগুলো থেকে পার্ক করে রাখা সাইকেল সরিয়ে নেওয়া হচ্ছে।

সম্মেলনস্থলের আশপাশের এলাকাও নতুন করে সাজানো হয়েছে। শহরের কেন্দ্রস্থলের বিভিন্ন সড়ক মেরামত করা হয়েছে। হানি লেক বা শিয়াংমিহু হ্রদের পাশের এলাকায় তৈরি করা হয়েছে নতুন ফুলের বাগান। সম্মেলনের মূল আয়োজনস্থল এই হ্রদের কাছেই। ১৯৮৫ সালে চালুর সময় সেখানে এশিয়ার অন্যতম বড় বিনোদন পার্ক ছিল। দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর পার্কটির রোলার কোস্টার ২০২৪ সালে ভেঙে ফেলা হয়। ওই জায়গায় আর্থিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তবে সম্মেলন ঘিরে নেওয়া এসব ব্যবস্থায় স্থানীয় বাসিন্দাদের একাংশকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় চলাচলে সমস্যা তৈরি হয়েছে। অনেক এলাকায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারেও বিধিনিষেধ রয়েছে। সম্মেলনস্থলের কাছাকাছি বসবাসকারী চল্লিশোর্ধ্ব এক বাসিন্দা বিউ রয়টার্সকে বলেন, এলাকার সৌন্দর্য বেড়েছে ঠিকই, তবে এর পেছনে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। আর সেই অর্থের জোগান আসছে সাধারণ মানুষের কর থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিউ জানান, তাঁর কর্মস্থল থেকে কর্মীদের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে। এ সপ্তাহে বাড়ির কাছের সড়ক নির্দিষ্ট সময়ে বন্ধ থাকায় গাড়ি নিয়ে কাজে যাওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি। তবে তাঁর বড় উদ্বেগ সন্তানদের দেখাশোনা নিয়ে। সম্মেলন উপলক্ষে শেনজেনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো মঙ্গলবার থেকে টানা চার দিনের শরৎকালীন ছুটিতে যাচ্ছে। কিন্তু অধিকাংশ অভিভাবকের জন্য একই সময়ে ছুটির ব্যবস্থা নেই।

এ পরিস্থিতিতে শহর কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কাজের সময় ভাগ করে দেওয়া এবং বেতনসহ ছুটি দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। কেউ কেউ এই সুযোগে শহর ছেড়ে অন্য এলাকায় যাওয়ার পরিকল্পনা করছেন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জন দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, কিছুদিন বিশ্রাম নিতে চান এবং কম খরচে ভালো খাবার খেতে চান। পরিস্থিতি স্বাভাবিক হলে শেনজেনে ফিরবেন।

শহরে নীরবতা বজায় রাখার অংশ হিসেবে গাড়ির হর্ন বাজানোর ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চলতি মাসে এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। শব্দ শনাক্ত করতে বিশেষ ক্যামেরা বসানো হয়েছে। নিয়ম ভাঙলে অন্তত ৩০০ ইউয়ান জরিমানা করা হচ্ছে। শেনজেনে আগে থেকেই হর্ন বাজানোর ওপর কিছু বিধিনিষেধ ছিল, তবে সম্মেলন উপলক্ষে তা আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।

এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ২৯ বছর বয়সী লিউ। তাঁর ভাষ্য, হর্ন বাজাতে না পারায় অনেক চালক অন্য গাড়ির সামনে বিপজ্জনকভাবে ঢুকে পড়লেও প্রতিবাদ জানানোর সুযোগ থাকছে না।

সম্মেলনের প্রস্তুতির প্রভাব পড়েছে পণ্য সরবরাহ ব্যবস্থাতেও। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান মেইতুয়ান ১০ দিনের জন্য ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া বন্ধ রেখেছে। এ ছাড়া অফিসকর্মীদের পোশাক নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। লিন নামের এক কর্মী জানান, তাঁদের প্রতিষ্ঠানে এমন ইংরেজি লেখা পোশাক পরতে নিষেধ করা হয়েছে, যার অর্থ কর্মীরা জানেন না। কারণ, পোশাকে ভুলবশত আপত্তিকর কোনো শব্দ বা বাক্য থাকতে পারে।

অন্যদিকে, শহরের বিভিন্ন এলাকায় কয়েক হাজার মানুষকে লাল জ্যাকেট পরে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। এসব জ্যাকেটে ইংরেজিতে ‘স্বেচ্ছাসেবক’ লেখা রয়েছে। আবাসিক এলাকার নিরাপত্তাকর্মীদেরও একই ধরনের জ্যাকেট পরানো হয়েছে। শেনজেনের নানশান এলাকার নিরাপত্তাকর্মী গুও জানান, তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে জ্যাকেটটি পরতে বলেছেন। তবে এতে কী লেখা আছে, তা তিনি জানেন না, কারণ তিনি ইংরেজি পড়তে পারেন না।

বিশ্বনেতাদের সামনে শেনজেনের উন্নত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল চিত্র তুলে ধরতে শহরজুড়ে চলছে এমন নানা আয়োজন। তবে সম্মেলন ঘিরে আরোপিত বিধিনিষেধ ও প্রস্তুতির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল, কাজ এবং পারিবারিক জীবনেও বাড়তি চাপ তৈরি হয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি

গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…

পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে…

ফরিদপুরে ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। আওয়ামী লীগের একটি মিছিল থেকে তাঁকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা…

গোপালগঞ্জে দায়িত্ব পালনে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র…

ঢাকার পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়। এর মধ্যে পল্লবীতে আগুন…

বিস্ফোরণে কেঁপে উঠল রাবি, ক্যাম্পাস বন্ধের আলটিমেটাম

ওটিএন বাংলা রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আগামী ১৯ নভেম্বরের মধ্যে ক্যাম্পাস বন্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au