চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে চরম নির্যাতনের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা বহুল আলোচিত গণহত্যা মামলার রায় পাঠ শুরু করেন আদালতের বিচারকরা। রায় পাঠের শুরুতেই আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানের ভয়াবহতা তুলে ধরেন।
আদালতের প্রেসিডেন্ট বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছেন। তাঁদের বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে এবং শিশুদের ওপরও চরম সহিংসতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন তাঁদের ওপরও হামলা চালানো হয়।
তবে এসব অপরাধের ঘটনা আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যার সংজ্ঞায় পড়ে কি না, সেটিই মামলার অন্যতম প্রধান বিচার্য বিষয়। গণহত্যার অভিযোগের ক্ষেত্রে শুধু হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রমাণই যথেষ্ট নয়; কোনো জাতিগত, ধর্মীয়, বর্ণগত বা জাতীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, সেটিও প্রমাণ করতে হয়।
রায় পাঠ এখনো চলছে। ফলে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এবং দায় নির্ধারণের বিষয়টি রায়ের পূর্ণাঙ্গ বক্তব্য থেকে স্পষ্ট হবে।
গাম্বিয়ার করা মামলার প্রেক্ষাপট
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর ব্যাপক সামরিক অভিযান শুরু হয়। ওই অভিযানের সময় রোহিঙ্গা গ্রামগুলোতে হত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
এ ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনসহ (ওআইসি) বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ মামলাটিতে গাম্বিয়াকে সমর্থন দেয়।
মামলায় গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অন্যান্য নির্যাতন চালিয়েছে। দেশটির বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় না আনার অভিযোগও তোলা হয়েছে।
অন্যদিকে, মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালে রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযান ছিল সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান। গণহত্যার কোনো উদ্দেশ্য ছিল না বলেও দাবি করে মিয়ানমার।
রায়ের গুরুত্ব বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ
রোহিঙ্গা সংকটের কারণে সবচেয়ে বেশি প্রভাবিত দেশগুলোর একটি বাংলাদেশ। বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে তাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা চললেও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, নিরাপত্তাহীনতা এবং নাগরিকত্ব ও অধিকারসংক্রান্ত অনিশ্চয়তার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর হয়নি।
আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপদ প্রত্যাবাসন এবং ক্ষতিপূরণের দাবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। গাম্বিয়া মামলায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় নির্ধারণ, অপরাধ বন্ধ, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তি করে। এটি কোনো ব্যক্তির ফৌজদারি বিচার করার আদালত নয়। আদালতের রায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নে সরাসরি কোনো নিজস্ব বলপ্রয়োগকারী ব্যবস্থা আদালতের নেই। কোনো পক্ষ রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের সুযোগ রয়েছে।
মিয়ানমারের বিরুদ্ধে এই মামলার রায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবির পাশাপাশি আন্তর্জাতিক গণহত্যা আইনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সূত্রঃ এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au