বিশ্ব

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, বিশ্বশান্তির অঙ্গীকার

  • 1:00 am - November 20, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক। ছবিঃ গেটি ইমেজ

চীনের শেনচেন শহরে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা, পারমাণবিক অস্ত্রের ঝুঁকি হ্রাস, জ্বালানি সরবরাহ, জাতিসংঘের সংস্কার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা নিয়ে আলোচনা করেন তিন দেশের নেতা।

বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি যৌথ ‘শান্তি ঘোষণা’ গ্রহণ করেন। এতে পারমাণবিক ঝুঁকি কমানো, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়া, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং জাতিসংঘের সংস্কারের বিষয়ে তিন দেশের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

শেনচেনের কাইলিন ভিলায় রুদ্ধদ্বার বৈঠকটি এক ঘণ্টার বেশি সময় ধরে চলে। চীনের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন শি জিনপিং। বৈঠকের আগে ও পরে তিন নেতা আলাদাভাবে দ্বিপক্ষীয় আলোচনাতেও অংশ নেন।

বৈঠকের শুরুতে ট্রাম্প একে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো এ ধরনের বৈঠকের সুযোগ তৈরি হওয়ায় তিনি আনন্দিত। তিন দেশ ইতিহাস গড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

ট্রাম্প বলেন, অতীতে অনেক নেতা মতপার্থক্য থাকা ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসতে এড়িয়ে গেছেন। কিন্তু আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিশ্বের তিনটি বৃহৎ রাষ্ট্রের নেতা হিসেবে বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি রক্ষায় তাদের বিশেষ দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দেশকে ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ পরিহার করে সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক সম্মান, সমতা ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন একসঙ্গে কাজ করলে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তিন দেশের মধ্যে অভিন্ন স্বার্থের কথা তুলে ধরেন। তিনি বলেন, আঞ্চলিক সংঘাত নিরসনে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে দেশগুলোর অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। বৈঠকে তিন দেশের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে এবং এর মাধ্যমে একে অপরের অবস্থান আরও ভালোভাবে বোঝার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

পারমাণবিক ঝুঁকি কমাতে সংলাপ

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল পারমাণবিক অস্ত্রের ঝুঁকি হ্রাস। ট্রাম্প বলেন, বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো এবং এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাসের বিষয়ে আলোচনার অনন্য অবস্থানে রয়েছে।

শি জিনপিংও পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করার মাধ্যমে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান। তিনি বলেন, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ ধরনের যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়। পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় তিন নেতা পুনর্ব্যক্ত করেন, পারমাণবিক যুদ্ধ কখনো জেতা সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই লড়া উচিত নয়। পাশাপাশি পারমাণবিক ঝুঁকি কমানো ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে তিন দেশ সংলাপ চালিয়ে যাবে বলে অঙ্গীকার করে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ছবি: সংগৃহীত

তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা, লক্ষ্যমাত্রা বা নতুন চুক্তির ঘোষণা দেওয়া হয়নি। ঘোষণায় মূলত ভবিষ্যতে আলোচনার মাধ্যমে ঝুঁকি কমানোর অঙ্গীকার করা হয়েছে।

জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার অঙ্গীকার

যৌথ শান্তি ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে সব দেশের মানুষের কল্যাণের কথা বিবেচনায় রেখে পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা বলা হয়।

চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের উল্লেখযোগ্য অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের হামলাও বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর চাপ তৈরি করেছে।

ট্রাম্প জানান, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে শি জিনপিংয়ের সঙ্গে তার আলোচনা হয়েছে। তবে যৌথ শান্তি ঘোষণায় ইরান বা ইউক্রেন যুদ্ধের নাম উল্লেখ করা হয়নি। ফলে চলমান সংঘাতগুলোর মধ্যে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার অঙ্গীকার কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

জাতিসংঘের সংস্কার ও আইসিসির সমালোচনা

তিন নেতার যৌথ ঘোষণায় জাতিসংঘের সংস্কারের বিষয়টিও স্থান পেয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এমন সংস্কারে কাজ করবে, যাতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংস্থাটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) অনুরূপ প্রতিষ্ঠানগুলোর এখতিয়ার নিয়ে তিন দেশের অবস্থান। এতে রাষ্ট্রের সম্মতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতির প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি আইসিসি ও অনুরূপ প্রতিষ্ঠানগুলোকে নিজেদের এখতিয়ার অপব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা-পাল্টা হামলার মাঝে মিসর সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন কেউই আইসিসির সদস্য নয়। তবে তিন দেশের সঙ্গেই আদালতটির সম্পর্ক দীর্ঘদিন ধরে বিতর্কপূর্ণ।

আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তদন্তের উদ্যোগ নেওয়ার পর ওয়াশিংটনের সঙ্গে আইসিসির বিরোধ বাড়ে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও যুক্তরাষ্ট্র আদালতটির কঠোর সমালোচনা করে। সাম্প্রতিক সময়ে আইসিসি ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

অন্যদিকে, ইউক্রেন যুদ্ধে শিশুদের অবৈধভাবে স্থানান্তরের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এরপর আদালতটির বিরুদ্ধে রাশিয়ার বিরোধিতা আরও তীব্র হয়। চীনও আদালতের বিভিন্ন পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছে। জিনজিয়াংয়ে উইঘুর জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে আইসিসিতে আবেদন জমা পড়ার বিষয়টিও বেইজিংয়ের সঙ্গে আদালতের সম্পর্কের ক্ষেত্রে বিতর্ক তৈরি করেছে। চীন অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

ইউক্রেন ও ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্য

বৈঠকের আগে ধারণা করা হয়েছিল, ইউক্রেন ও ইরান যুদ্ধ আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পাবে। তবে যৌথ ঘোষণায় কোনো যুদ্ধের নাম উল্লেখ করা হয়নি। ক্রেমলিনের পক্ষ থেকেও বলা হয়েছে, ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধ মূল আলোচ্য বিষয় ছিল না। যদিও এর আগে ট্রাম্প ও পুতিনের দ্বিপক্ষীয় বৈঠকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসানে চীনের সহযোগিতা চেয়েছেন। অন্যদিকে পুতিন বলেছেন, আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। তবে যুদ্ধ বন্ধে কোনো নির্দিষ্ট সমঝোতা বা সময়সীমা ঘোষণা করা হয়নি।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন। রাশিয়া ও ক্রিমিয়াকে সংযুক্ত করা সেতুতে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, রাশিয়ার জবাব ইউক্রেনের জন্য আরও বেশি যন্ত্রণাদায়ক হবে।

পুতিন দাবি করেন, ক্রিমিয়া সেতুটি কেবল বেসামরিক কাজে ব্যবহৃত হয়। সেখানে সামরিক সরঞ্জাম বা পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহন করা হয় না বলেও দাবি করেন তিনি। সেতুটির সড়ক অংশে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেন রুশ প্রেসিডেন্ট।

তিনি জানান, এর আগে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সঙ্গে কয়েকটি এলাকায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু ক্রিমিয়া সেতুতে হামলার পর সে ধরনের কোনো সমঝোতার বিষয়ে আর আলোচনা হবে না। রাশিয়া হামলার জবাব দেবে বলেও জানান তিনি।

ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোকে সমঝোতায় অনিচ্ছুক বলে অভিযোগ করেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তার অধিকার রাশিয়া স্বীকার করে, তবে তা রাশিয়ার নিরাপত্তার বিনিময়ে হতে পারে না। ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সামরিক সহযোগিতা, এমনকি দেশটিতে সম্ভাব্য সেনা মোতায়েনও মস্কো মেনে নেবে না বলে জানান তিনি।

অন্যদিকে, ইউক্রেন ও ইউরোপীয় নেতারা অভিযোগ করে আসছেন, যুদ্ধ বন্ধের আলোচনায় পুতিন নিজের কঠোর অবস্থান থেকে সরে আসছেন না। রাশিয়ার নিয়ন্ত্রণে না থাকা ইউক্রেনের ভূখণ্ডও কিয়েভকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে মস্কো। ইউক্রেন এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প-পুতিন ও ট্রাম্প-শির দ্বিপক্ষীয় বৈঠক

ত্রিপক্ষীয় বৈঠকের আগে বৃহস্পতিবার সকালে পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রাম্প। ২০২৫ সালের আগস্টে আলাস্কায় বৈঠকের পর এটিই ছিল তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ।

বৈঠকের শুরুতে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। জবাবে পুতিন ইংরেজিতে বলেন, ‘আপনার সঙ্গে দেখা করে ভালো লাগছে।’ দুই নেতার আলোচনায় ইউক্রেন যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ও উঠে আসে।

পরে শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করেন ট্রাম্প। চীনে পৌঁছানোর পর বিমানবন্দরে শির উষ্ণ অভ্যর্থনা প্রসঙ্গে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, দুই দেশের সম্পর্ক বন্ধুত্ব ও সম্মানের।

আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত?

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার এই বৈঠককে বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তিন দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের প্রধান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে। বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়ে তাদের সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে।

বৈঠকের সময় ইউক্রেনকে সহায়তা ও সমর্থন দেওয়ার বিষয়ে সমন্বয়কারী ইউরোপীয় দেশগুলোর নেতারাও বার্লিনে বৈঠকে বসেছিলেন। ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের অবস্থান এবং শেনচেনে তিন বৃহৎ শক্তির আলোচনার মধ্যে কূটনৈতিক দূরত্বের বিষয়টি নতুন করে সামনে এসেছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে জি-২০ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। ট্রাম্প সেখানে শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়াও জি-২০-এর সদস্য হলেও ইউক্রেন যুদ্ধ এবং পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কারণে সাম্প্রতিক কয়েকটি সম্মেলনে তিনি অংশ নেননি। এবার ট্রাম্প তাকে মায়ামি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় পুতিনকে গ্রেপ্তারের বিষয়ে আদালতের কোনো বাধ্যবাধকতা ওয়াশিংটনের নেই।

এদিকে, বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে। বৃহস্পতিবার তিনি চীনের সঙ্গে ‘গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক’ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করলেও শেনচেনে শি জিনপিংয়ের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক একান্ত বৈঠক হয়নি।

মতপার্থক্য থাকা সত্ত্বেও এপেকের ‘ফ্যামিলি ফটো’ সেশনে পুতিনসহ সম্মেলনে অংশ নেওয়া নেতারা বিশেষ স্কার্ফ পরে একসঙ্গে ছবি তোলেন।

তিন নেতার এই বৈঠকে জাতিসংঘ সংস্কার, জ্বালানি সরবরাহ এবং পারমাণবিক ঝুঁকি কমানোর বিষয়ে অভিন্ন অবস্থানের কথা উঠে এলেও ইউক্রেন ও ইরান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সংঘাতের সমাধানে কোনো সুনির্দিষ্ট অগ্রগতি ঘোষণা করা হয়নি। ফলে শেনচেনের এই বৈঠক বৈশ্বিক কূটনীতিতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে, নাকি এটি মূলত প্রতীকী উদ্যোগ হিসেবেই সীমাবদ্ধ থাকবে, তা আগামী দিনগুলোতে স্পষ্ট হবে।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…

পাসপোর্ট-এনআইডি চেয়ে আবারও বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার সাক্ষরিত চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন কূটনৈতিক ও আইনি তৎপরতা শুরু হয়েছে। নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশের…

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে লুট করা হয় টাকা-স্বর্ণালঙ্কার

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে রাজধানীর উত্তরার বাসায় ডিবি পরিচয়ে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ…

সমন্বয়ক রাফির গ্রামের বাড়িতে আগুন

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির নেত্রকোনার গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ…

ঢাকা দখলের পরিকল্পনা আওয়ামী লীগের, উদ্বিগ্ন বিএনপি

রাজধানী ঢাকা দখলের পরিকল্পনা করছে আওয়ামী লীগ—এমন আশঙ্কায় উদ্বিগ্ন সরকার। শেখ হাসিনা ও দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরজুড়ে দেশব্যাপী নাশকতার…

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au