চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…
রাজধানী ঢাকা দখলের পরিকল্পনা করছে আওয়ামী লীগ—এমন আশঙ্কায় উদ্বিগ্ন সরকার। শেখ হাসিনা ও দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরজুড়ে দেশব্যাপী নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা সচল রাখতে বিশেষ নজরদারি শুরু করেছে প্রশাসন।
গোয়েন্দা সূত্রের দাবি, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশনা ও অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটির মাধ্যমে সরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ভবনে হামলার পরিকল্পনা করা হতে পারে।
দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড সমন্বয় করতে পারেন বলে ধারণা করছেন গোয়েন্দারা। সম্ভাব্য পরিকল্পনার অর্থায়নকারী, পরিকল্পনাকারী ও মাঠপর্যায়ের সমন্বয়কারীদের শনাক্তে কাজ চলছে।
প্রথমে ঢাকাকে বিচ্ছিন্ন করা, পরে দখলের পরিকল্পনা
গোয়েন্দা তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোকজন সংগঠিত করে রাজধানীর কোনো একটি এলাকায় আকস্মিক জমায়েতের পরিকল্পনা থাকতে পারে। এরপর রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থায় অবরোধ সৃষ্টি করে ঢাকাকে অচল কিংবা দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। পরে একযোগে ঢাকায় ঢুকে দখলের পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের।
এমন আশঙ্কায় রাজধানীর প্রবেশপথ ও আশপাশের জেলাগুলোর পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি করছে প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মুঠোফোনের কথোপকথন, সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করা হচ্ছে। অর্থায়ন ও যোগাযোগের নেটওয়ার্ক শনাক্ত করাই এখন তদন্তের অন্যতম লক্ষ্য।
নাশকতা ঠেকাতে পুলিশের প্রস্তুতি
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আহসান হাবীব পলাশ বলেন, ‘তারা (আওয়ামী লীগ) কী করতে চায়, সেই তথ্য গোয়েন্দা পুলিশের কাছে রয়েছে। চাইলেই তো আর সেটা করতে পারবে না।’ যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বিএনপি। তবে আওয়ামী লীগের কোনো কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি না দিয়ে নিজস্ব সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বিএনপি সূত্রে জানা গেছে, জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। নাশকতা, অগ্নিসংযোগ কিংবা সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানানোর নির্দেশনা রয়েছে।
মাঠে সক্রিয় বিএনপি ও অঙ্গসংগঠন
বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। গত রোববার সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের রাজধানীর বিভিন্ন স্থানে দিন ও রাতে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না। জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের প্রতিহত করে আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।
রিজভীর অভিযোগ, ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শক্তি বিদেশে বসে অর্থ ও অস্ত্রের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশ বক্স ও যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au