বাংলাদেশ

সমন্বয়ক রাফির গ্রামের বাড়িতে আগুন

  • 3:12 am - November 20, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার
সমন্বয়ক রাফির গ্রামের বাড়িতে আগুন। ছবিঃ সংগৃহীত

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির নেত্রকোনার গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির বাবা-মা। তবে প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রাফির অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি তাঁর।

ঘটনার বিবরণ দিয়ে খান তালাত মাহমুদ রাফি বলেন, আগুন লাগার সময় তাঁর বাবা-মা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন। এতে তাঁর বাবা-মা অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টেও ঘটনার কথা জানান রাফি। সেখানে তিনি লেখেন, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে তাঁর গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। ঘরের বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরিবারের সদস্যরা জেগে ওঠায় তাঁর বাবা-মা রক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে রাফি আরও লেখেন, তাঁর মা ফোন করে তাঁকে আশ্বস্ত করেছেন যে তাঁরা কখনো কারও ক্ষতি করেননি এবং আল্লাহ তাঁদের রক্ষা করবেন। পোস্টের সঙ্গে তিনি অগ্নিসংযোগের ঘটনার কয়েকটি ছবিও প্রকাশ করেন।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, বুধবার রাত ৩টার দিকে সমন্বয়ক রাফির বাড়িতে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে পুলিশ জানতে পেরেছে। পরিবারের সদস্যরা জেগে ওঠায় এবং আশপাশের লোকজন এগিয়ে আসায় আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি।

ওসি বলেন, ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত খান তালাত মাহমুদ রাফি বর্তমানে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এই শাখার আরও খবর

চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…

পাসপোর্ট-এনআইডি চেয়ে আবারও বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার সাক্ষরিত চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন কূটনৈতিক ও আইনি তৎপরতা শুরু হয়েছে। নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশের…

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে লুট করা হয় টাকা-স্বর্ণালঙ্কার

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে রাজধানীর উত্তরার বাসায় ডিবি পরিচয়ে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ…

ঢাকা দখলের পরিকল্পনা আওয়ামী লীগের, উদ্বিগ্ন বিএনপি

রাজধানী ঢাকা দখলের পরিকল্পনা করছে আওয়ামী লীগ—এমন আশঙ্কায় উদ্বিগ্ন সরকার। শেখ হাসিনা ও দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরজুড়ে দেশব্যাপী নাশকতার…

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…

১২ দিনে সারাদেশে ৭৪ পরিবহনে আগুন, পুলিশের ১৮ গাড়িতে অগ্নিসংযোগ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। গত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au