চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে রাজধানীর উত্তরার বাসায় ডিবি পরিচয়ে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেওয়া একদল ব্যক্তি তল্লাশির কথা বলে বাসায় ঢুকে এসব জিনিস নিয়ে যান। তবে ওই ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নাকি কোনো প্রতারক চক্রের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরিবারের অভিযোগ অনুযায়ী, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বাসায় পৌঁছানোর কিছুক্ষণ আগে ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা সেখানে প্রবেশ করেন। তল্লাশির নামে তাঁরা নগদ টাকা ও পরিবারের সদস্যদের স্বর্ণালঙ্কার নিয়ে যান।
নাহিদকে গ্রেপ্তারের সময় ধারণ করা একটি ভিডিওতে তাঁর স্ত্রী ও মেয়েকে এ অভিযোগ করতে দেখা যায়। তাঁরা জানান, ডিবি পরিচয়ে বাসায় আসা ব্যক্তিরা তল্লাশি চালানোর পর মেয়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছেন।
পরিবারের সদস্যদের অভিযোগ শুনে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুরকে বিস্ময় প্রকাশ করতে দেখা যায়। এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘কারা এসেছিল, আমরা তো এখন এলাম।’
ওসি পরিবারের সদস্যদের কাছে জানতে চান, আগে আসা ব্যক্তিদের কাউকে তাঁরা চিনতে পেরেছেন কি না। তবে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ওই ব্যক্তিদের পরিচয় সম্পর্কে কিছু জানেন না বলে জানান। পরে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে থানায় যেতে পারবেন কি না জানতে চাইলে ওসি তাঁদের অনুমতি দেন।
ঘটনার পর বাসা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে কাজ শুরু করেছে পুলিশ। বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ, কারা কখন বাসায় প্রবেশ করেছেন এবং কখন বের হয়েছেন, সেসব তথ্য পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ডিবি পরিচয়ে যাঁরা বাসায় প্রবেশ করেছিলেন, তাঁরা প্রকৃতপক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নাকি কোনো প্রতারক চক্রের লোক, তা যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে, জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামের এক মাদরাসাছাত্র হত্যার মামলায় নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার একই দিন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তী সময়ে নুরুল ইসলাম নাহিদের রিমান্ড চাওয়া হতে পারে।
এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল ইসলাম নাহিদ ওই বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করছিলেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au