বৈশাখী টেলিভিশনের এমডি টিপু আলম মিলন। ছবিঃ সংগৃহীত
রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে বনানী থানাধীন মহাখালীতে অবস্থিত টেলিভিশনটির কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
তবে তাকে গ্রেফতারের আগে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং কর্মীদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টেলিভিশনটির কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলার পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভে এসে উদ্ধারের আকুতি জানান প্রতিষ্ঠানটির এক সাংবাদিক।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশ করার পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। হত্যা মামলায় আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা এক লাইভে কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে ধরেন প্রতিষ্ঠানটির একজন সাংবাদিক। তিনি জানান, একদল লোক টেলিভিশন কার্যালয়ে হামলা চালিয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলাকারীদের কারণে তারা ভবন থেকে বের হতে পারছেন না।
লাইভে ওই সাংবাদিক বলেন, পরিস্থিতির কারণে তারা বাধ্য হয়ে ভবনের ছাদ থেকে সরাসরি সম্প্রচারের চেষ্টা করছেন। কার্যালয়ের ভেতরে তারা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছেন। নিচে নামার কোনো সুযোগ পাচ্ছেন না। তাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে বলেও জানান তিনি।
তার অভিযোগ, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন। একই সঙ্গে লিফটও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ভবনের ভেতরে সাংবাদিক ও অন্যান্য কর্মী আটকা পড়েছেন। এ সময় তাদের দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
লাইভে বৈশাখী টেলিভিশনের আরেক কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাকে উদ্ধার করে আবার কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা ভবনের নিচে অবস্থান করছিলেন এবং কার্যালয়ের মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন বলে দাবি করেন তিনি।
ওই কর্মী বলেন, নিচে তখনো লোকজন অবস্থান করছিলেন এবং বাইরে থেকে গেট ভাঙার চেষ্টা চলছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে ছিলেন। দ্রুত পরিস্থিতির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় ভবনের ভেতরে অনেক কর্মী আটকা থাকার কথাও জানান তিনি।
পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করার কথাও লাইভে উল্লেখ করেন বৈশাখী টেলিভিশনের ওই কর্মী। পরে বনানী থানা–পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সরাসরি সম্প্রচারে পুলিশ সদস্যদের ভবনের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
এ সময় সাংবাদিকেরা তাদের আহত সহকর্মীকে হাসপাতালে পাঠাতে না পারার বিষয়টি পুলিশকে জানান। নিরাপত্তার কথা বিবেচনা করে লাইভ সম্প্রচারে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করা হয়নি।
লাইভের শেষ দিকে এক সাংবাদিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সহায়তার আবেদন জানান। তিনি বলেন, তাদের অবস্থা খুবই শোচনীয়। তারা বাঁচার জন্য এবং বৈশাখী টেলিভিশনকে রক্ষার জন্য সহায়তা চাইছেন। কিছু মানুষ অতর্কিত হামলার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
টেলিভিশন কার্যালয়ে হামলা, কর্মীদের আহত হওয়ার অভিযোগ এবং টিপু আলম মিলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তবে কারা হামলা চালিয়েছেন, হামলার পেছনে কী কারণ ছিল এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।