জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করা বাসে আগুন।ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে ভুঁইয়া পরিবহনের বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। ঘটনার পর মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির মালিক গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ জাফর। অসুস্থতার কারণে তিন-চার দিন আগে বাসটি ঢাকা থেকে এনে ওই এলাকায় পার্কিং করে রাখা হয়। যান্ত্রিক ত্রুটি ও চালক না থাকায় বাসটি কয়েক দিন ধরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। শুক্রবার চিকিৎসার জন্য ঢাকায় যান বাসটির মালিক।
শনিবার দিবাগত রাতে স্থানীয় বাসিন্দারা হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মিয়া রাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লাগার খবর পান তাঁরা। ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পার্কিং করা বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতিতে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা করা হবে।
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা পুলিশের কার্যক্রমও অব্যাহত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাবে।