নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের অভিযোগে ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর।ছবি : সংগৃহীত
ভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা। এ ঘটনায় প্রায় ২০ জনকে আটক করে পুলিশ। তবে আটকের প্রায় তিন ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদের মাধাপুর এলাকায় মেটার কার্যালয়ে এ ঘটনা ঘটে। যুব কংগ্রেসের অভিযোগ, বিরোধী দল কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পেজ আটকে রেখেছে মেটা। পাশাপাশি দলটির বেশ কিছু পোস্টও সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর প্রতিবাদে মেটার কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ বিষয়ে সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে তেলেঙ্গানা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি শিব চরণ বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং মেটা কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দিতে সেখানে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে পুলিশ তাঁদের আটক করে।
শিব চরণ আরও অভিযোগ করেন, মেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের প্রচার-প্রচারণার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বৈরী আচরণ করছে।
পুলিশ সূত্র জানায়, বিক্ষোভকারীরা মেটার কার্যালয় চত্বরে প্রবেশ করতে পারলেও মূল ভবনের ভেতরে ঢুকতে পারেননি। এ সময় একটি ফুলের টব ভাঙার ঘটনা ঘটে। তবে মেটার পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ফলে পুলিশও কোনো মামলা করেনি।
বিক্ষোভের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করে ভারতীয় যুব কংগ্রেস। ভিডিওতে দেখা যায়, হাতে প্ল্যাকার্ড নিয়ে একদল নেতাকর্মী মেটার কার্যালয় চত্বরে স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে তাঁদের একজন একটি ফুলের টব তুলে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন। এ সময় পুলিশ সদস্যদের তাঁকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।
অন্য একটি ভিডিওতে মেটার কার্যালয়ের ক্যাফেটেরিয়ার মতো একটি স্থানে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানের কর্মীদের বিস্মিত হয়ে তাঁদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে দেখা যায়।
বিক্ষোভের পর যুব কংগ্রেস দাবি করে, কর্মসূচি শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যে সংগঠনটির সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে মেটা।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তাদের প্রশ্নের মুখে বিজেপি অস্বস্তিতে পড়ে। সংগঠনটির দাবি, তাদের প্রতিবাদের কণ্ঠ আরও জোরালো হওয়ার পর মেটার বিরুদ্ধে বেছে বেছে অ্যাকাউন্ট বন্ধ ও পোস্ট সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরে রাজপথে প্রতিবাদ শুরু করলে অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়া হয়।
তবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধারের বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস